এআইনির্ভর সাইবার হামলা নিয়ে যুক্তরাজ্যের সতর্কবার্তা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত স্বয়ংক্রিয় সরঞ্জাম ব্যবহার করে দ্রুত সাইবার হামলা চালাচ্ছে হ্যাকাররা। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের বছরের পর বছর ধরে অরক্ষিত থাকা নিরাপত্তার দুর্বলতা সহজেই শনাক্ত ও কাজে লাগানো সম্ভব হচ্ছে বলে সতর্ক করেছে যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র (এনসিএসসি)।
টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বর থেকে স্বয়ংক্রিয় হ্যাকিং সরঞ্জাম ব্যবহার করে চালানো বেশ কয়েকটি হামলার ঘটনা শনাক্ত করেছে এনসিএসসি। এসব হামলায় বিভিন্ন প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অনুপ্রবেশ ও সেবা ব্যাহত হয়েছে।
যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র (এনসিএসসি)'র মতে, হামলায় ব্যবহৃত দুর্বলতাগুলো নতুন নয়। তবে এআইয়ের কারণে সেগুলো শনাক্ত ও কাজে লাগানোর গতি বেড়েছে। স্বয়ংক্রিয় সরঞ্জামগুলো ইন্টারনেটের সঙ্গে যুক্ত অরক্ষিত ব্যবস্থা খুঁজে বের করে দুর্বল পাসওয়ার্ড বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের (এপিআই) ত্রুটি কাজে লাগিয়ে নেটওয়ার্কে প্রবেশ করে।
এ বছরের শুরুতে আরটেক্স ও কেইর্নের মতো উন্মুক্ত উৎসের স্বয়ংক্রিয় পেনিট্রেশন টেস্টিং সরঞ্জাম প্রকাশের পর এ ধরনের হামলার ঝুঁকি বেড়েছে। বিনা মূল্যে পাওয়া এসব সরঞ্জাম যে কেউ ব্যবহার করতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইও এআইভিত্তিক সরঞ্জাম ব্যবহার করে দ্রুত সাইবার হামলার বিষয়ে সতর্ক করেছে।
এনসিএসসি জানিয়েছে, এসব হামলার অনেকগুলোই মৌলিক নিরাপত্তাব্যবস্থা ও ভালো চর্চা অনুসরণ করে ঠেকানো সম্ভব। এআই প্রচলিত সাইবার নিরাপত্তাব্যবস্থার প্রয়োজনীয়তা কমায়নি; বরং শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব বাড়িয়েছে।