অ্যাওয়ার্ড ও সদস্য সম্পৃক্ততার রোডম্যাপ নিয়ে বিনের ইসি সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন)-এর প্রথম নির্বাহী কমিটির (ইসি) সভা গতকাল রবিবার (২৩ আগস্ট ২০২৬) রাজধানীর গুলশান-১ এর একামাইয়ে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিন-এর চেয়ারম্যান সৈয়দ আলমাস কবীর। সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য ফারজানাহ চৌধুরী (ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি), সৈয়দ আহসান হাবিব (ব্যবস্থাপনা পরিচালক, ভ্রুম সার্ভিসেস লিমিটেড), জয়া কবীর (চেয়ারম্যান, আয়াল কর্প লিমিটেড) এবং বিন-এর জেনারেল সেক্রেটারি মুন এম রাজীব।
নির্বাহী কমিটির সদস্য রুবাবা দৌলা (কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর, ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটান) দেশের বাইরে অবস্থান করায় সভায় যোগ দিতে পারেননি। বিন সচিবালয়ের পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজার তানজিন প্রীতি।
সভায় বিন-এর চলমান কার্যক্রমের সার্বিক পর্যালোচনা এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্যসূচির মধ্যে ছিল বিন-এর প্রকাশনা কার্যক্রম, বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬ এবং আগামী দিনের অনুষ্ঠান, ইভেন্ট ও সদস্য সম্পৃক্ততামূলক কার্যক্রমের বিস্তৃত রোডম্যাপ।
সভায় নির্বাহী কমিটির সদস্যরা বিন-এর প্রাতিষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী করার বিষয়ে গঠনমূলক আলোচনা করেন। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় যেন সংগঠনের ফ্ল্যাগশিপ কার্যক্রম—বিশেষত বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬—দেশের তথ্যপ্রযুক্তি খাতে উৎকর্ষ ও উদ্ভাবনকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সংগঠনের অঙ্গীকারকে ধারণ করে চলে।
বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬-এর রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। এ পর্যন্ত ২১০টি রেজিস্ট্রেশন জমা পড়েছে এবং ২৪টি প্রতিষ্ঠান কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।
এবারের আয়োজনের টাইটেল স্পনসর ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ও গ্রামীণ হেলথটেক লিমিটেড, সিলভার স্পনসর সুপার স্টার গ্রুপ এবং অ্যাসোসিয়েট স্পনসর রিভ সিস্টেমস। নলেজ পার্টনার হিসেবে রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। গিফট পার্টনার হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
উল্লেখ্য, গত বছর অনুষ্ঠিত বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৫-এ সারাদেশ থেকে ২৫৫টি প্রকল্প জমা পড়ে, যার মধ্যে ৩২টি প্রকল্প চূড়ান্তভাবে স্বীকৃতি লাভ করে। এছাড়া গত ডিসেম্বরে তাইওয়ানের কাওশিউংয়ে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) অ্যাওয়ার্ডস ২০২৫-এ বিন-এর নেতৃত্বে বাংলাদেশ থেকে ২০টি প্রকল্প অংশগ্রহণ করে এবং তিনটি পুরস্কার অর্জন করে।
বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) একটি অলাভজনক জাতীয় প্ল্যাটফর্ম, যা তথ্যপ্রযুক্তি শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান, সরকার, স্টার্টআপ কমিউনিটি ও উন্নয়ন সহযোগীদের একত্রিত করে দেশে অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবনী ও টেকসই ডিজিটাল রূপান্তরে কাজ করে যাচ্ছে।