চীনের স্মার্টফোন বাজারে আইওএসকে পেছনে ফেলল হারমনি ওএস
চীনের স্মার্টফোন অপারেটিং সিস্টেমের বাজারে অ্যাপলের আইওএসকে পেছনে ফেলেছে হুয়াওয়ের হারমনি ওএস। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশটির বাজারে অপারেটিং সিস্টেমটির হিস্যা দাঁড়িয়েছে ২৪ শতাংশ। একই সময়ে আইওএসের হিস্যা ছিল ১৮ শতাংশ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হারমনি ওএসের ইনস্টলেশন ১০ কোটি ছাড়িয়েছে। স্মার্টফোন, ট্যাবলেট ও ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহৃত হারমনি ওএস ৫, ৬ ও ৭ সংস্করণ মিলিয়ে এ হিসাব করেছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির দাবি, এই অপারেটিং সিস্টেমের জন্য ৪ লাখ ৬০ হাজারের বেশি অ্যাপ ও সেবা রয়েছে। নিবন্ধিত সফটওয়্যার নির্মাতার সংখ্যা ১ কোটি ২০ লাখের বেশি।
কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, চীনের বাজারে ৫৮ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষে রয়েছে গুগলের অ্যান্ড্রয়েড। বিশ্ববাজারে অবশ্য হারমনি ওএসের অবস্থান তুলনামূলক দুর্বল। একই প্রান্তিকে বিশ্ববাজারে এর হিস্যা ছিল ৫ শতাংশ। অ্যান্ড্রয়েডের ৭৫ ও আইওএসের ২০ শতাংশ।
বিদেশের বাজারে হারমনি ওএস ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অ্যাপের সীমিত সুবিধা বড় বাধা হতে পারে। কারণ, এই অপারেটিং সিস্টেমে ব্যবহারকারীরা পরিচিত অনেক অ্যাপ নাও পেতে পারেন। গত সেপ্টেম্বরে হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস গ্রুপের চেয়ারম্যান রিচার্ড ইউ জানান, আগামী এক থেকে তিন বছরের মধ্যে ধাপে ধাপে আন্তর্জাতিক বাজারে হারমনি ওএস চালুর পরিকল্পনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার কয়েক মাস পর ২০১৯ সালের আগস্টে চীনে হারমনি ওএস চালু করে হুয়াওয়ে। শুরুতে এতে অ্যান্ড্রয়েড অ্যাপ চালানো যেত। তবে ২০২৪ সালে হারমনি ওএস নেক্সট নামে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি সংস্করণ উন্মোচনের পর সেই সুবিধা বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি।
নিজস্ব চিপ ব্যবহারের মাধ্যমে স্মার্টফোন বাজারে হুয়াওয়ের প্রত্যাবর্তনও হারমনি ওএসের বিস্তারে ভূমিকা রেখেছে। তবে আন্তর্জাতিক বাজারে অ্যান্ড্রয়েড ও আইওএসের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে স্থানীয় ব্যাংকিং, অর্থ লেনদেন ও পরিবহনসেবার অ্যাপ যুক্ত করা এবং সফটওয়্যার নির্মাতাদের আকৃষ্ট করা জরুরি হবে।