চীনে ৪৩ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলাসহ ৯ প্রতিষ্ঠান

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১৪:০৮

চীনে ৪৩ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলাসহ ৯ প্রতিষ্ঠান

জরুরি পরিস্থিতিতে গাড়ির দরজা খুলতে সমস্যা হতে পারে, এমন আশঙ্কায় চীনে ৪৩ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলাসহ ৯টি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। এটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় গাড়ি প্রত্যাহারের ঘটনা বলে জানিয়েছে রয়টার্স।

সবচেয়ে বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা। ২৫ সেপ্টেম্বর থেকে চীন ও যুক্তরাষ্ট্রে তৈরি মডেল ৩, মডেল ওয়াই, মডেল এস ও মডেল এক্সের ২৯ লাখ ৮০ হাজার গাড়ি প্রত্যাহার করবে প্রতিষ্ঠানটি।

চীনের নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় বৈদ্যুতিক ব্যবস্থা অচল হলে জরুরি দরজার হাতল খুঁজে পাওয়া বা ব্যবহার করা কঠিন হতে পারে। এতে গাড়ির যাত্রীদের বের হওয়া বা উদ্ধারকারীদের প্রবেশ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

টেসলার সমাধানের মধ্যে রয়েছে দরজার জরুরি হাতলের অবস্থান বোঝাতে সতর্কতামূলক লেবেল ও দূর থেকে সফটওয়্যার হালনাগাদ। দুর্ঘটনার পর গাড়ির জানালা স্বয়ংক্রিয়ভাবে নামানোর ব্যবস্থাও যুক্ত করা হবে।

টেসলার পাশাপাশি শাওমি প্রায় ৩ লাখ ৯০ হাজার, লিপমোটর ৩ লাখ ৭১ হাজার এবং এক্সপেং ২ লাখ ৬৪ হাজার গাড়ি ফিরিয়ে নিচ্ছে। জিলি হোল্ডিংও নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলোর প্রত্যাহারের সংখ্যা তুলনামূলকভাবে কম।

চীনে বৈদ্যুতিক গাড়ির নিরাপত্তা নিয়ে নজরদারি বাড়ানোর মধ্যেই এই উদ্যোগ নেওয়া হলো। দেশটি ২০২৭ সাল থেকে গাড়ির কাঠামোর সঙ্গে মিশে থাকা গোপন দরজার হাতল নিষিদ্ধ করার সিদ্ধান্তও নিয়েছে। টেসলা জনপ্রিয় করার পর চীনের বৈদ্যুতিক গাড়িতেও এ ধরনের হাতল ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।

দুর্ঘটনার পর গাড়ির ভেতরে যাত্রী আটকে পড়ার কয়েকটি ঘটনায় দরজার হাতল নিয়ে উদ্বেগ বেড়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, গত অক্টোবরে দুর্ঘটনার পর আগুন ধরে শাওমি এসইউ৭-এর এক চালক মারা যান। পথচারীরা গাড়ির দরজা খুলে তাঁকে বের করতে পারেননি।

অটোফোরকাস্ট সলিউশন্সের গবেষক স্যাম ফিওরানি বলেন, দূর থেকে সফটওয়্যার হালনাগাদের সুবিধা থাকায় এ ধরনের গাড়ি প্রত্যাহারের খরচ ও মেরামতের সময় কমেছে। শারীরিকভাবে যে কাজ করতে হবে, তার খরচও অতীতের বড় প্রত্যাহারের তুলনায় কম হতে পারে।

গাড়ির দরজার হাতল নিয়ে যুক্তরাষ্ট্রেও উদ্বেগ রয়েছে। দেশটির জাতীয় মহাসড়ক ট্রাফিক নিরাপত্তা প্রশাসন বৈদ্যুতিক ব্যবস্থা অচল হলে যাত্রী আটকে পড়ার ঝুঁকি মোকাবিলায় নতুন নিরাপত্তা মান তৈরির বিষয়টি বিবেচনা করছে। তবে যুক্তরাষ্ট্রে একই ধরনের গাড়ি প্রত্যাহারের পরিকল্পনা কোনো নির্মাতা এখনো জানায়নি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন