হোয়াটসঅ্যাপের পুরোনো চ্যাট ফিরিয়ে আনার সহজ উপায়
ফোন পরিবর্তন বা হোয়াটসঅ্যাপ পুনরায় ইনস্টল করার পর গুরুত্বপূর্ণ চ্যাট, ছবি ও অন্যান্য তথ্য হারিয়ে যেতে পারে। তবে আগে থেকে ব্যাকআপ রাখা থাকলে সহজেই এসব তথ্য ফিরিয়ে আনা যায়। অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাকাউন্ট এবং আইফোনে আইক্লাউড ব্যাকআপের মাধ্যমে চ্যাট পুনরুদ্ধার করা যায়।
অ্যান্ড্রয়েড ফোনে চ্যাট ফিরিয়ে আনার উপায়
প্রথমে গুগল ওয়ান অ্যাপ খুলে গুগল অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। এরপর ‘স্টোরেজ’ থেকে অন্যান্য অপশনে গেলে চ্যাটের ব্যাকআপ আছে কি না দেখা যাবে।
ব্যাকআপ পাওয়া গেলে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। এরপর ফোন নম্বর যাচাইয়ের পর ব্যাকআপ পুনরুদ্ধারের অপশন এলে ‘রিস্টোর’ নির্বাচন করতে হবে।
ব্যাকআপ না থাকলেও পুরোনো ফোন থেকে নতুন ফোনে সরাসরি চ্যাট স্থানান্তর করা যায়। তবে ব্যাকআপ পুনরুদ্ধার না করে ‘স্কিপ’ নির্বাচন করলে পরে নতুন ব্যাকআপ তৈরি হওয়ার সময় আগের ব্যাকআপটি নতুন চ্যাট দিয়ে প্রতিস্থাপিত হতে পারে।
আইফোনে চ্যাট ফিরিয়ে আনার উপায়
আইফোনে আগে আইক্লাউডে চ্যাটের ব্যাকআপ রাখা আছে কি না দেখতে ‘সেটিংস’ থেকে ‘চ্যাট’ এবং এরপর ‘চ্যাট ব্যাকআপ’ অপশনে যেতে হবে। সেখানে সর্বশেষ ব্যাকআপের সময় ও আকার দেখা যাবে।
ব্যাকআপ থাকলে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে। এরপর ফোন নম্বর ও অ্যাপল অ্যাকাউন্ট যাচাই করে ‘রিস্টোর চ্যাট হিস্ট্রি’ নির্বাচন করতে হবে।
চ্যাট পুনরুদ্ধারের সময় অতিরিক্ত নিরাপত্তার জন্য পরিচয় যাচাই করতে হতে পারে। দুই ধাপের যাচাই বা প্রান্ত থেকে প্রান্তে এনক্রিপ্ট করা ব্যাকআপ চালু না থাকলে খুদে বার্তা বা ফোনকলের মাধ্যমে পাওয়া কোড দিয়ে পরিচয় যাচাই করা যাবে।