আইফোনে ‘আনট্রাস্টেড ডেভেলপার’ বার্তা এলে যা করবেন
অ্যাপলের অ্যাপ স্টোরের বাইরে থেকে কোনো অ্যাপ আইফোন বা আইপ্যাডে ইনস্টল করলে অনেক সময় ‘Untrusted Developer’ বা অবিশ্বস্ত ডেভেলপার বার্তা দেখা যায়। এ অবস্থায় অ্যাপটি চালু করতে হলে সংশ্লিষ্ট ডেভেলপারকে ম্যানুয়ালি অনুমোদন দিতে হয়।
অ্যাপ স্টোরে থাকা অ্যাপগুলো অ্যাপলের যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। তাই এসব অ্যাপ ব্যবহারে অতিরিক্ত কোনো অনুমোদনের প্রয়োজন হয় না। তবে সাইডলোডিংয়ের মাধ্যমে ইনস্টল করা অ্যাপের ক্ষেত্রে ভিন্ন নিয়ম প্রযোজ্য।
ডেভেলপারকে অনুমোদন দিতে প্রথমে অ্যাপটি ইনস্টল করে চালু করুন। সতর্কবার্তা এলে সেটি বন্ধ করে Settings > General মেনুতে যান। এরপর আইওএস সংস্করণ অনুযায়ী Profiles, Profiles & Device Management অথবা Device Management অপশন নির্বাচন করুন।
সেখানে অ্যাপটির সঙ্গে সংশ্লিষ্ট ডেভেলপার প্রোফাইল দেখা যাবে। প্রোফাইল নির্বাচন করে Trust বাটনে ট্যাপ করুন। প্রয়োজন হলে সিদ্ধান্তটি আবার নিশ্চিত করতে হবে। কিছু ক্ষেত্রে Verify App অপশনও দেখা যেতে পারে। এ ধাপ সম্পন্ন করতে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।
কোনো অ্যাপকে বিশ্বস্ত হিসেবে অনুমোদন দেওয়ার আগে এর নির্মাতা ও ডাউনলোডের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। কারণ অবিশ্বস্ত অ্যাপ ব্যক্তিগত তথ্য ও ডিভাইসের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
বর্তমানে জেইলব্রেক ছাড়াই বিভিন্ন পদ্ধতিতে আইফোনে অ্যাপ সাইডলোড করা সম্ভব হওয়ায় এ ধরনের অ্যাপ ব্যবহারের প্রবণতা বেড়েছে। তবে ফ্রি ডেভেলপার অ্যাকাউন্ট দিয়ে ইনস্টল করা অনেক অ্যাপের অনুমোদন সাধারণত সাত দিন পর্যন্ত কার্যকর থাকে। এরপর পুনরায় যাচাই বা নবায়নের প্রয়োজন হতে পারে।