অবশেষে এক দশক পর লোগোতে পরিবর্তন এনেছে ইনস্টাগ্রাম
দীর্ঘ এক দশক পর ইনস্টাগ্রাম তাদের ওয়ার্ডমার্ক বা নামের নকশায় পরিবর্তন এনেছে। নতুন নকশা চালুর পর ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
অনেকে নতুন নকশার সমালোচনা করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমরা এই পরিবর্তন চাই না, বরং ১০ বছর আগের ইনস্টাগ্রাম ফিরে চাই।’ আরেকজন মন্তব্য করেন, ‘যিনি এই নকশা করেছেন, তাকে বরখাস্ত করুন।’
তবে পরিবর্তনটি সবার অপছন্দ হয়নি। একজন ব্যবহারকারী নতুন ফন্টকে ‘চমৎকার’ ও ‘আকর্ষণীয়’ বলে মন্তব্য করেছেন। আরেকজনের মতে, সরল হলেও নকশাটি আধুনিক ও সৃজনশীল।
সম্প্রতি ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মসেরি নতুন ওয়ার্ডমার্কের ঘোষণা দেন। তিনি জানান, অ্যাপের ওপরে থাকা ইনস্টাগ্রামের নামের নকশা ১০ বছর ধরে অপরিবর্তিত ছিল। তাই এটি নতুন করে সাজানোর সময় এসেছে।

মসেরির ভাষ্য, নতুন নকশাটি আগের পরিচিতি ধরে রেখে আরও পরিচ্ছন্ন ও আধুনিক করা হয়েছে। একই সঙ্গে এতে ইনস্টাগ্রামের সরলতা ও সৃজনশীলতার ছাপ রাখা হয়েছে।
মেটার ডিজাইন ব্লগে জানানো হয়েছে, শুধু ওয়ার্ডমার্ক নয়, ইনস্টাগ্রাম স্যানস ফন্টেও পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি ‘ইনস্টাগ্রাম পেন’ ও ‘ইনস্টাগ্রাম মোনো’ নামে দুটি নতুন টাইপফেস যুক্ত করা হয়েছে।
ইনস্টাগ্রামের পণ্য নকশা বিভাগের পরিচালক জেসমিন প্রোবস্ট বলেন, ‘স্ক্রিপ্টধর্মী নকশা ব্যক্তিস্বাতন্ত্র্যকে তুলে ধরে। তাই নতুন ওয়ার্ডমার্কে সেই ধারণা ব্যবহার করা হয়েছে। তার মতে, নতুন নকশাটি আগের তুলনায় আরও সাহসী ও সরল, তবে এতে কিছু ব্যতিক্রমী বৈশিষ্ট্যও রয়েছে।’