যেসব ভুলে ব্যান হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
হোয়াটসঅ্যাপে হঠাৎ অ্যাকাউন্ট ব্যান হওয়ার ঘটনা এখন শুধু ব্যবসায়িক ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। সাধারণ ব্যবহারকারীরাও বিভিন্ন কারণে অ্যাকাউন্ট নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে পড়ছেন। কখনো একটি বার্তা অনেকজনকে পাঠানো, কখনো অননুমোদিত অ্যাপ ব্যবহার, আবার কখনো অপরিচিত নম্বরে অতিরিক্ত যোগাযোগের কারণেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে।
নিরাপত্তা ও স্প্যাম নিয়ন্ত্রণে মেটা সম্প্রতি নজরদারি আরও কঠোর করায় বিষয়টি নিয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
কেন ব্যান হয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট?
হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থা কোনো একক কারণের ওপর নির্ভর করে না। একটি অ্যাকাউন্টের নিবন্ধন পদ্ধতি, ব্যবহারের ধরন, অন্য ব্যবহারকারীদের অভিযোগ, ব্লক বা রিপোর্টের সংখ্যা এবং পাঠানো কনটেন্টের ধরনসহ একাধিক বিষয় বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়।
ফলে একটি নির্দিষ্ট বার্তার কারণে নয়, বরং দীর্ঘ সময়ের আচরণ স্প্যাম বা অপব্যবহারের মতো মনে হলে অ্যাকাউন্ট সীমাবদ্ধ বা ব্যান হতে পারে।
যেসব কারণে অজান্তেই ব্যান হতে পারেন
অননুমোদিত হোয়াটসঅ্যাপ ব্যবহার
জিবি হোয়াটসঅ্যাপ, এফএম হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো পরিবর্তিত সংস্করণ ব্যবহার করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলোর একটি। এসব অ্যাপ ব্যবহারের বিষয়টিকেই হোয়াটসঅ্যাপ নীতিমালা লঙ্ঘন হিসেবে বিবেচনা করে।
একই বার্তা অতিরিক্ত পাঠানো
অল্প সময়ের মধ্যে অনেকজনকে একই বার্তা, আমন্ত্রণপত্র, শুভেচ্ছা বার্তা বা প্রচারণামূলক তথ্য পাঠালে তা স্প্যাম হিসেবে শনাক্ত হতে পারে।
অপরিচিত নম্বরে বারবার যোগাযোগ
যেসব ব্যক্তি আপনার নম্বর সংরক্ষণ করেননি বা আপনাকে চেনেন না, তাদের কাছে বারবার বার্তা পাঠালে রিপোর্ট হওয়ার ঝুঁকি বাড়ে। ব্যবহারকারীদের অভিযোগ হোয়াটসঅ্যাপের জন্য গুরুত্বপূর্ণ একটি সতর্ক সংকেত।
অতিরিক্ত গ্রুপে যুক্ত করা
অনুমতি ছাড়া অনেককে গ্রুপে যুক্ত করা বা একই ব্যক্তিকে বারবার বিভিন্ন গ্রুপে যোগ করলে সেটিও সন্দেহজনক কার্যক্রম হিসেবে বিবেচিত হতে পারে।
স্বয়ংক্রিয় বার্তা পাঠানোর টুল ব্যবহার
তৃতীয় পক্ষের সফটওয়্যার দিয়ে স্বয়ংক্রিয় বার্তা পাঠানো, নির্ধারিত সময়ে গণবার্তা পাঠানো বা অটো-রিপ্লাই চালু করা অ্যাকাউন্টের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অফিসিয়াল বিজনেস এপিআই ছাড়া এ ধরনের পদ্ধতি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
নতুন নম্বর থেকে অস্বাভাবিক কার্যক্রম
সদ্য নিবন্ধিত কোনো নম্বর যদি খুব দ্রুত বিপুলসংখ্যক বার্তা পাঠায় বা একসঙ্গে অনেক গ্রুপে সক্রিয় হয়ে ওঠে, তাহলে সেটি হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থার নজরে চলে আসতে পারে।
অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়
- শুধুমাত্র প্লে স্টোর, অ্যাপ স্টোর বা হোয়াটসঅ্যাপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করুন।
- একই ধরনের বার্তা অনেকজনকে পাঠানোর প্রয়োজন হলে সময় নিয়ে ধীরে ধীরে পাঠান।
- পরিচিত ব্যক্তি বা যোগাযোগে আগ্রহী ব্যবহারকারীদের কাছেই বার্তা পাঠান।
- কাউকে গ্রুপে যুক্ত করার আগে সম্ভব হলে অনুমতি নিন।
- তৃতীয় পক্ষের অটোমেশন টুল ব্যবহার এড়িয়ে চলুন।
- নতুন নম্বর হলে ধীরে ধীরে ব্যবহার শুরু করুন, শুরুতেই অতিরিক্ত কার্যক্রমে যুক্ত হবেন না।
ব্যান হলে করণীয়
অ্যাকাউন্ট ব্যান হলে সাধারণত হোয়াটসঅ্যাপে ‘Request a Review’ বা ‘Support’ অপশন দেখা যায়। সেখানে সংক্ষিপ্ত এবং স্পষ্ট ব্যাখ্যা দিয়ে আপিল করার পরামর্শ দেওয়া হয়েছে।
অস্থায়ী নিষেধাজ্ঞা অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে উঠে যায়। তবে স্থায়ী ব্যানের ক্ষেত্রে অফিসিয়াল পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমেই আবেদন করতে হবে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত ব্যান তুলে দেওয়ার দাবি করা তৃতীয় পক্ষের সেবাগুলোর ওপর নির্ভর না করে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল সহায়তা ব্যবস্থাই ব্যবহার করা উচিত।