চ্যাটজিপিটি, ক্লড ও পারপ্লেক্সিটি অ্যাকাউন্ট হ্যাক হলে বুঝবেন যেভাবে

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১৭:১০

চ্যাটজিপিটি, ক্লড ও পারপ্লেক্সিটি অ্যাকাউন্ট হ্যাক হলে বুঝবেন যেভাবে

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জনপ্রিয় প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি, ক্লড ও পারপ্লেক্সিটি এখন কোটি কোটি মানুষ ব্যবহার করছেন। তবে অন্যান্য অনলাইন সেবার মতো এসব প্ল্যাটফর্মের অ্যাকাউন্টও সাইবার অপরাধীদের লক্ষ্যবস্তু হতে পারে। তাই সন্দেহ হলে দ্রুত যাচাই করা জরুরি যে আপনার অ্যাকাউন্টে অন্য কেউ প্রবেশ করেছে কি না।

নিরাপত্তার প্রথম ধাপ

নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রতিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেন। পাশাপাশি মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) চালু রাখলে পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্টে প্রবেশ করা কঠিন হয়।

চ্যাটজিপিটি ও পারপ্লেক্সিটিতে এমএফএ সুবিধা রয়েছে। তবে ক্লডে পাসওয়ার্ড ব্যবস্থার বদলে ই-মেইলে পাঠানো লগ-ইন লিংকের মাধ্যমে প্রবেশ করতে হয়।

চ্যাটজিপিটিতে কীভাবে যাচাই করবেন

কম্পিউটারে ব্রাউজার থেকে চ্যাটজিপিটি খুলে নিচের বাম পাশে থাকা প্রোফাইল নামের ওপর ক্লিক করুন। এরপর Settings > Security and Login > Active Sessions অপশনে যান।

এখানে আপনার অ্যাকাউন্ট কোন কোন ডিভাইসে সক্রিয় আছে তা দেখা যাবে। অপরিচিত কোনো ডিভাইস দেখলে সেটি থেকে আলাদাভাবে লগআউট করা যাবে। চাইলে Log out all নির্বাচন করে সব ডিভাইস থেকেও বের হয়ে আসা যাবে।

পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে প্রথমে লগআউট করতে হবে। এরপর Forgot password অপশন ব্যবহার করে নতুন পাসওয়ার্ড সেট করা যাবে।

ক্লডে সন্দেহজনক লগইন দেখবেন যেভাবে

ক্লডে প্রবেশ করে নিচের বাম পাশে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর Settings > Account এ গেলে Active Sessions দেখা যাবে।

অপরিচিত কোনো সেশন থাকলে সেটির পাশে থাকা তিন ডট মেনু থেকে Log out বা Terminate নির্বাচন করা যাবে। প্রয়োজন হলে Log out of all devices অপশনও ব্যবহার করা যাবে।

ক্লডে পাসওয়ার্ড ব্যবহৃত হয় না। তাই লগ-ইনের জন্য ই-মেইলে পাঠানো বিশেষ লিংক ব্যবহার করতে হয়।

পারপ্লেক্সিটিতে কী করবেন

পারপ্লেক্সিটি বর্তমানে সক্রিয় ডিভাইসের তালিকা দেখায় না। তাই অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের আশঙ্কা থাকলে ব্রাউজার থেকে All Settings এ গিয়ে Sign out of all sessions অপশন নির্বাচন করতে হবে।

এরপর আবার ই-মেইল ঠিকানা দিয়ে লগ-ইন করা যাবে। লগইনের জন্য ই-মেইলে একটি ছয় অঙ্কের কোড বা বিশেষ সাইন-ইন লিংক পাঠানো হবে।

সতর্ক থাকুন

অ্যাকাউন্টে অপরিচিত কার্যক্রম, অজানা ডিভাইস বা অস্বাভাবিক লগ-ইন দেখতে পেলে দ্রুত সব সেশন থেকে লগআউট করুন এবং নিরাপত্তা সেটিংস হালনাগাদ করুন। এআই প্ল্যাটফর্মগুলোতে ব্যক্তিগত তথ্য, নথি ও কথোপকথন সংরক্ষিত থাকতে পারে। তাই এসব অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন