স্মার্টফোনের বাইরে ইকোসিস্টেম বাড়াচ্ছে অনার
স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট, পরিধানযোগ্য ডিভাইস, ল্যাপটপ ও টিভি নিয়ে কানেক্টেড ইকোসিস্টেম গড়ার পরিকল্পনা জানিয়েছে অনার বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানে দেশের বাজারে প্রথমবারের মতো প্রদর্শন করা হয় অনারের রোবট ফোন। প্রকাশ করা হয় নতুন ব্র্যান্ড লোগোও।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী কয়েক মাসে বাংলাদেশে আসবে ম্যাজিক৯ প্রো। ২৮ সেপ্টেম্বর বিশ্ববাজারে উন্মোচিত ফোনটি সিনেমা ক্যামেরা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যারির সঙ্গে যৌথভাবে তৈরি। চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি ও সিনেমাটোগ্রাফার সুমন সরকার অ্যারি প্রযুক্তি নিয়ে সেশন পরিচালনা করেন। রাফি বলেন, ‘রোবট ফোনের ক্যামেরা বিভিন্ন জায়গায় রেখে শুট করা যায় এবং দৌড়ানোর দৃশ্যও নিজে থেকে ধারণ করতে পারে।’
অনার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জিটিএম পরিচালক লিও পেই বলেন, ‘ফোন এখন অনারের বিস্তৃত স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমের একটি অংশ।’ কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও জানান, বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনে সহজে মানিয়ে যায়, এমন প্রযুক্তি আনতে চায় প্রতিষ্ঠানটি।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘অনার বাংলাদেশে স্থানীয়ভাবে ডিভাইস উৎপাদন করছে এবং ধাপে ধাপে অন্য পণ্যও বাজারে আনবে।’ ১৯৯৮ সাল থেকে পার্টনারদের মাধ্যমে লক্ষ লক্ষ ডিভাইস সরবরাহের কথাও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অনার বাংলাদেশের হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন। প্রদর্শনীতে রোবট ফোন, ফোল্ডেবল ম্যাজিক ভি৬, স্মার্টফোন, ট্যাবলেট, ইয়ারবাড, হেডফোন ও স্মার্টওয়াচের পাশাপাশি নতুন ল্যাপটপ ও টিভি দেখানো হয়। টিভির মডেলগুলো হবে ৩২ থেকে ১০০ ইঞ্চির। ল্যাপটপ ও টিভি নিয়ে বাংলাদেশে বড় পরিসরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে অনার।