আজ থেকে হোয়াটসঅ্যাপ বিজনেসের বার্তায় নতুন নিয়ম
হোয়াটসঅ্যাপ বিজনেসে সেবামূলক বার্তা পাঠানোর নিয়মে পরিবর্তন এনেছে মেটা। ৩০ সেপ্টেম্বরের মধ্যে পেমেন্ট পদ্ধতির তথ্য যুক্ত না করা নির্দিষ্ট কিছু ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে আজ ১ অক্টোবর থেকে এসব বার্তা গ্রাহকদের কাছে পৌঁছানো বন্ধ হয়ে যেতে পারে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে সরাসরি যুক্ত প্রতিষ্ঠান এবং সলিউশন প্রোভাইডারদের জন্য এই নিয়ম প্রযোজ্য। এসব প্রতিষ্ঠানকে তাদের বার্তা ব্যবস্থাপনা অ্যাকাউন্টে পেমেন্ট পদ্ধতির তথ্য যুক্ত করতে হবে।
সেবামূলক বার্তায় নতুন চার্জ
আজে (১ অক্টোবর) থেকে সেবামূলক বার্তার জন্য প্রতি বার্তা হিসেবে অর্থ নেবে মেটা। এত দিন এসব বার্তা বিনামূল্যে পাঠানো গেলেও এখন বার্তা গ্রাহকের কাছে পৌঁছানোর পর নির্ধারিত হারে অর্থ কাটা হবে।
দেশভেদে এই চার্জের হার আলাদা হবে। তবে সেবামূলক বার্তার ক্ষেত্রে বেশি পরিমাণ বার্তা পাঠানোর জন্য আলাদা কোনো ছাড় থাকবে না।
কোন বার্তায় নিয়ম প্রযোজ্য
গ্রাহকের পাঠানো বার্তার জবাবে ২৪ ঘণ্টার সক্রিয় সেবা-উইন্ডোর মধ্যে পাঠানো টেমপ্লেটবিহীন সেবামূলক বার্তাও নতুন নিয়মের আওতায় পড়বে। কোনো গ্রাহক প্রতিষ্ঠানকে বার্তা পাঠালে এই ২৪ ঘণ্টার সময়সীমা শুরু বা পুনরায় চালু হয়।
তবে এই বার্তা দিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজেরা নতুন করে গ্রাহকের সঙ্গে কথোপকথন শুরু করতে পারবে না।
পেমেন্ট তথ্য না দিলে বার্তা বন্ধ
৩০ সেপ্টেম্বরের মধ্যে পেমেন্ট পদ্ধতির তথ্য যুক্ত না করা অ্যাকাউন্ট থেকে ১ অক্টোবর থেকে সেবামূলক বার্তা পৌঁছানো বন্ধ হয়ে যেতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্ট তথ্য যুক্ত করার পরামর্শ দিয়েছে মেটা।
তবে এই পরিবর্তন মেটা বিজনেস এজেন্টের খরচের সঙ্গে আলাদা। গত ১ আগস্ট থেকে মেটা বিজনেস এজেন্টের বার্তার জন্য আলাদা টোকেনভিত্তিক অর্থ নেওয়া শুরু করেছে মেটা।
কথোপকথনে বাড়তে পারে খরচ
১ অক্টোবর থেকে টেমপ্লেটবিহীন বার্তা সেবামূলক বার্তা অথবা মেটা বিজনেস এজেন্টের বার্তা হিসেবে বিবেচিত হবে। সেবামূলক বার্তার জন্য প্রতি বার্তা হিসেবে অর্থ নেওয়া হবে, আর মেটা বিজনেস এজেন্টের ক্ষেত্রে টোকেনভিত্তিক হিসাব থাকবে।
একটি বার্তার জন্য একই সঙ্গে দুই ধরনের অর্থ নেওয়া হবে না। তবে মেটার উদাহরণ অনুযায়ী, আগে যে গ্রাহকসেবার কথোপকথনে তিনটি অর্থপ্রদানের ঘটনা তৈরি হতো, নতুন নিয়মে একই ধরনের কথোপকথনে পাঁচটি পর্যন্ত অর্থপ্রদানের ঘটনা তৈরি হতে পারে।
হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনে ক্লিক করে আসা গ্রাহকদের জন্য বিনামূল্যের প্রবেশ-সুবিধা অপরিবর্তিত থাকবে। ওই সময়ের মধ্যে পাঠানো বার্তার জন্য আলাদা অর্থ দিতে হবে না। তবে মেটা বিজনেস এজেন্টের বার্তার ক্ষেত্রে টোকেনভিত্তিক খরচ প্রযোজ্য হতে পারে।