নির্মাতাদের ভিডিও বিশ্লেষণ করে পরামর্শ দেবে ইনস্টাগ্রামের এআই
ভিডিও নির্মাতাদের জন্য এআইভিত্তিক ভিডিও সহকারী চালু করেছে ইনস্টাগ্রাম। ‘এডিটস’ অ্যাপে যুক্ত হওয়া এই সহকারী নির্মাতাদের ভিডিওর পারফরম্যান্স বিশ্লেষণ করে ব্যক্তিগত পরামর্শ দেবে। তবে ভিডিও তৈরির সৃজনশীল সিদ্ধান্ত নেবে না এআই, সিদ্ধান্ত থাকবে নির্মাতার হাতেই।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের ‘এডিটস’ অ্যাপটি ক্যাপকাটের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। নতুন এআই সহকারী সাধারণ পরামর্শের বদলে প্রতিটি নির্মাতার অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্ট পরামর্শ দেওয়ার জন্য তৈরি।
অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করবে
ইনস্টাগ্রামের এডিটস অ্যাপের প্রধান ব্রেট ওয়েস্টারভেল্ট জানান, এআই সহকারী নির্মাতার অ্যাকাউন্টের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করতে পারবে। এর মধ্যে অনুসরণকারী বৃদ্ধি, ভিডিও দেখা, দর্শক কতক্ষণ ভিডিও দেখছেন, পছন্দ ও শেয়ারের মতো তথ্য রয়েছে।
এসব তথ্যের সঙ্গে নির্মাতার মন্তব্য, ইনস্টাগ্রামে কোন বিষয়গুলো জনপ্রিয় এবং দর্শকের আগ্রহও বিবেচনা করবে এআই সহকারী। সময়ের সঙ্গে ভিডিওগুলোর পারফরম্যান্সে তৈরি হওয়া ধারা শনাক্ত করে সেগুলো থেকে কার্যকর পরামর্শ দেবে এটি।
সৃজনশীল সিদ্ধান্ত নেবেন নির্মাতাই
এআই সহকারী তৈরির সময় একদল নির্মাতার সঙ্গে কাজ করেছে এডিটস। তাদের মতামতের ভিত্তিতে সহকারীটিকে এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি ভিডিও তৈরির সৃজনশীল কাজ নিজের হাতে না নেয়।
বরং ভিডিওর তথ্য বিশ্লেষণের কাজটি এআই করবে এবং সেই তথ্যের ভিত্তিতে পরামর্শ দেবে। কোন পরামর্শ গ্রহণ করা হবে বা ভিডিও কীভাবে তৈরি করা হবে, সেই সিদ্ধান্ত নির্মাতাই নেবেন।
ইউটিউবও আনছে একই ধরনের সুবিধা
মেটা গত জুনে নির্মাতাদের জন্য আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে এডিটসের এআই সহকারীর প্রাথমিক সংস্করণ দেখিয়েছিল। একই অনুষ্ঠানে এডিটসের কম্পিউটার সংস্করণ তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
এ ধরনের সুবিধা তৈরিতে কাজ করছে ইউটিউবও। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি কথোপকথনের মাধ্যমে ভিডিও সম্পাদনার একটি সুবিধা তৈরির কথা জানিয়েছে, যা আগামী বছরের শুরুতে চালু হওয়ার কথা।
তবে দুই প্রতিষ্ঠানের পদ্ধতিতে পার্থক্য রয়েছে। ইনস্টাগ্রাম নির্মাতাদের ভিডিওর তথ্য ও দর্শকের আচরণ বিশ্লেষণের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে ইউটিউবের এআই সুবিধা ভিডিও সম্পাদনার কাজেই বেশি সহায়তা করবে।
এআই সহকারী ব্যবহারে নির্মাতাদের জন্য নির্দিষ্ট সীমা থাকবে। তবে মেটা ওয়ান সাবস্ক্রিপশন নিলে অতিরিক্ত ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।