পিসি থেকেই নিয়ন্ত্রণ করুন আপনার অ্যান্ড্রয়েড ফোন
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ করতে এখন পিসি থেকেই পুরো ডিভাইস নিয়ন্ত্রণ করা সম্ভব। Scrcpy (স্ক্রিকপি) নামের একটি ফ্রি ও ওপেন সোর্স টুল ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের ফোনের স্ক্রিন সরাসরি কম্পিউটারে দেখতে এবং নিয়ন্ত্রণ করতে পারেন।
এই টুলের মাধ্যমে ফোনের স্ক্রিন কম্পিউটারে মিরর করা যায়, ফলে কিবোর্ড ব্যবহার করে দ্রুত মেসেজ বা ই-মেইল টাইপ করা সহজ হয়। দীর্ঘ লেখালেখি বা অফিসিয়াল কাজের ক্ষেত্রে এটি বিশেষভাবে কার্যকর।
এছাড়া অ্যাপ ডেমো রেকর্ড করা, স্ক্রিনশট নেওয়া, নতুন অ্যাপ পরীক্ষা করা কিংবা মোবাইল গেম কিবোর্ড ও মাউস দিয়ে খেলার সুবিধাও দেয় এই টুল। ফলে এটি কনটেন্ট নির্মাতা ও ডেভেলপারদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে।
স্ক্রিকপি ব্যবহারের জন্য আলাদা করে কোনো অ্যাপ ইনস্টল করতে হয় না ফোনে। একটি ইউএসবি কেবল দিয়ে ফোন কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করে ইউএসবি ডিবাগিং চালু করলেই এটি ব্যবহার করা যায়। প্রাথমিক সেটআপ সম্পন্ন হলে ওয়্যারলেসভাবেও সংযোগ স্থাপন করা সম্ভব।
টুলটি কম ল্যাটেন্সিতে কাজ করে, ফলে স্ক্রিন মিররিং হয় দ্রুত ও মসৃণভাবে। এতে কোনো বিজ্ঞাপন নেই এবং এটি ক্লাউড নির্ভর নয়, ফলে ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা পান। পাশাপাশি কম্পিউটার ও ফোনের মধ্যে কপি-পেস্ট, ফাইল স্থানান্তর এমনকি একাধিক ডিভাইস একসঙ্গে ব্যবহারের সুবিধাও রয়েছে।
মূল কথা হলো- যারা নিয়মিত ফোন ও কম্পিউটারের মধ্যে কাজ করেন, তাদের জন্য এই ধরনের টুল সময় বাঁচানোর পাশাপাশি কাজের দক্ষতাও বাড়ায়।
সূত্র : পিসিওয়ার্ল্ড