মার্কিন কংগ্রেসে এআই ব্যবহারে নতুন ট্রেন্ড চ্যাটজিপিটি
যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে নতুন এক প্রবণতা দেখা যাচ্ছে, যেখানে চ্যাটজিপিটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন দপ্তর, কমিটি এবং প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টগুলো এআই টুল ব্যবহারে এই প্ল্যাটফর্মটির ওপরই বেশি নির্ভর করছে।
সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩১ মার্চ পর্যন্ত এক বছরে কংগ্রেসের এআই খাতে মোট ব্যয়ের প্রায় ৯০ শতাংশই গেছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির পেছনে। হাউসের ব্যয়ের নথি অনুযায়ী, অন্তত ১ লাখ ১৩ হাজার ৭৪০ ডলারের মোট ব্যয়ের মধ্যে প্রায় ১ লাখ ৫৮০ ডলার খরচ হয়েছে চ্যাটজিপিটির জন্য, যা ৭৯৮টি লেনদেনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
অন্যদিকে, অ্যানথ্রপিকের ক্লড এআই টুল ব্যবহারে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এর পেছনে খরচ হয়েছে ১৩ হাজার ১৬০ ডলার এবং লেনদেন হয়েছে ৩৭টি।
দলভিত্তিক ব্যয়ের দিক থেকেও পার্থক্য স্পষ্ট। ডেমোক্র্যাটিক দপ্তরগুলো এআই টুলে ব্যয় করেছে ৫৪ হাজার ১৬৫ ডলার, যা রিপাবলিকানদের ১৫ হাজার ৭৮২ ডলারের তুলনায় প্রায় তিনগুণ বেশি।
তবে এই হিসাবের মধ্যে ফ্রি অ্যাকাউন্ট বা অন্যান্য সফটওয়্যারের সঙ্গে যুক্ত এআই সুবিধা অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে প্রকৃত ব্যবহার এর চেয়েও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কংগ্রেসের স্টাফরা চ্যাটজিপিটি ও অন্যান্য এআই টুল ব্যবহার করছেন মেমো লেখা, আইন প্রণয়ন সংক্রান্ত নথি সংক্ষেপ ও বিশ্লেষণ, ভোটারদের জবাব দেওয়া, শুনানির প্রস্তুতি, নীতিগত গবেষণা গুছিয়ে নেওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট তৈরির মতো বিভিন্ন কাজে।