গুগল মেসেজেসে জেমিনি ব্যবহার করবেন যেভাবে
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল তাদের মেসেজিং অ্যাপে জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করেছে। এর ফলে আলাদা কোনো অ্যাপ ছাড়াই সরাসরি মেসেজেসের মধ্যেই জেমিনির সঙ্গে কথা বলা, বার্তার খসড়া তৈরি, আইডিয়া বের করা বা পরিকল্পনা করা সম্ভব হচ্ছে। আরসিএস সুবিধার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এটি কথোপকথনের প্রেক্ষাপট বুঝে পরামর্শও দিতে পারে।
যেসব শর্ত পূরণ করতে হবে
জেমিনি ব্যবহার করতে হলে কিছু শর্ত মানতে হবে।
- একটি অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে।
- ফোনের ভাষা সমর্থিত ভাষার মধ্যে সেট করা থাকতে হবে।
- গুগল মেসেজেসের সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে হবে।
- নিজের ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।
- ফ্যামিলি লিংক বা ওয়ার্কস্পেস অ্যাকাউন্টে এটি ব্যবহার করা যাবে না।
- ব্যবহারকারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
- আরসিএস চ্যাট চালু থাকতে হবে।
জেমিনির সঙ্গে চ্যাট শুরু করবেন যেভাবে
- প্রথমে ফোনে গুগল মেসেজেস অ্যাপ খুলতে হবে।
- এরপর জেমিনির সঙ্গে থাকা চ্যাটে ট্যাপ করতে হবে অথবা নতুন চ্যাট শুরু করে জেমিনি নির্বাচন করতে হবে।
- প্রথমবার ব্যবহার করলে পর্দায় দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
- এরপর নিজের প্রশ্ন বা নির্দেশনা লিখে পাঠাতে হবে।
প্রথমবার চ্যাট করার সময় মেসেজ বক্সের ওপরে কিছু সাজেশন দেখা যাবে, সেগুলো ব্যবহার করে বিভিন্নভাবে কথোপকথন শুরু করা যাবে। প্রয়োজনে প্রম্পটের সঙ্গে ছবি যোগ করাও সম্ভব।
গুরুত্বপূর্ণ বিষয়
জেমিনির সঙ্গে করা চ্যাট এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড নয়, তাই ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
গুগল জানিয়েছে, এই ফিচারটি ১৬৫টির বেশি দেশে এবং একাধিক ভাষায় ধীরে ধীরে চালু করা হচ্ছে, যা ভবিষ্যতে দৈনন্দিন মেসেজিং অভিজ্ঞতাকে আরও সহজ ও কার্যকর করে তুলবে।