চিপ সংকটে অনিশ্চয়তার মুখে অ্যাপলের জনপ্রিয় ল্যাপটপ
বৈশ্বিক মেমোরি চিপের ঘাটতি এবার প্রভাব ফেলছে অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ল্যাপটপ ম্যাকবুক এয়ারের ওপর। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে চিপের চাহিদা বেড়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এর আগে অ্যাপলের তুলনামূলক কম জনপ্রিয় কম্পিউটার ম্যাক মিনি ও ম্যাক স্টুডিওর সরবরাহেও এই সংকটের প্রভাব দেখা গিয়েছিল। তবে এখন ম্যাকবুক এয়ারের ক্ষেত্রেও সরবরাহে চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন বিক্রেতা প্রতিষ্ঠান।
বর্তমানে অ্যাপলের ওয়েবসাইট থেকে ম্যাকবুক এয়ার কিনতে চাইলে গ্রাহকদের আগস্টের শেষ ভাগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছু নির্দিষ্ট সংস্করণের ক্ষেত্রে অপেক্ষার সময় সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে।
সংকট মোকাবিলায় অ্যাপল মেমোরির দাম বাড়ানো এবং চীনা সরবরাহকারীদের কাছ থেকে সরবরাহ নেওয়ার উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি তাদের ব্যাক-টু-স্কুল প্রচারণাও জুন মাস থেকে পিছিয়ে দিয়েছে।
এবারের প্রচারণায় প্রথমবারের মতো ম্যাকবুক প্রোর মূল মডেলকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সতর্ক বার্তায় বলা হয়েছে, ম্যাকবুক এয়ারের সরবরাহ সীমিত থাকতে পারে।
সূত্র : টেকক্রাঞ্চ