বিনামূল্যে বিজ্ঞাপনহীন ইউটিউব অভিজ্ঞতা পেতে চাইলে যা করবেন

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১৪:৩৬

বিনামূল্যে বিজ্ঞাপনহীন ইউটিউব অভিজ্ঞতা পেতে চাইলে যা করবেন
ছবি : অ্যান্ড্রয়েড অথরিটি

ইউটিউব ভিডিও দেখার সময় হঠাৎ বিজ্ঞাপন এসে অভিজ্ঞতা নষ্ট করে, এটা প্রায় সবারই পরিচিত বিরক্তি। এই সমস্যা এড়াতে অনেকেই ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করেন বা আলাদা অ্যাড ব্লকার ইনস্টল করেন। তবে সম্প্রতি ডাকডাকগো তাদের ব্রাউজারে একটি নতুন ও ফ্রি ইউটিউব অ্যাড ব্লকিং সুবিধা যুক্ত করেছে, যা বেশ কার্যকর বলেই মনে হচ্ছে।

কোন ডিভাইসে কীভাবে চালু করবেন

ডাকডাকগোর এই ফিচারটি মূলত ব্রাউজার-ভিত্তিক। ম্যাক, উইন্ডোজ ও আইফোন ব্যবহারকারীদের জন্য সর্বশেষ ভার্সনে এটি ডিফল্টভাবেই চালু থাকে। ফলে আলাদা করে কিছু সেটিংস করার প্রয়োজন নেই। শুধু ব্রাউজার আপডেট করে ইউটিউব চালালেই বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা যায়

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ক্ষেত্রে একটি অতিরিক্ত ধাপ রয়েছে। অ্যাপ আপডেট করার পর সেটিংসে গিয়ে ‘ইউটিউব অ্যাড ব্লকিং’ অপশনটি চালু করতে হয়। একবার চালু করলে ইউটিউব ভিডিওতে আর বিজ্ঞাপন দেখা যায় না।

বাস্তব অভিজ্ঞতা কেমন

ব্যবহারিক অভিজ্ঞতায় দেখা গেছে, এই ফিচারটি বেশ মসৃণভাবে কাজ করে। দীর্ঘ সময়ের ভিডিও, মিউজিক, পডকাস্ট বা ডকুমেন্টারি, সব ধরনের কনটেন্ট বিজ্ঞাপন ছাড়াই দেখা সম্ভব হয়েছে। যদিও ডাকডাকগো কিছু ক্ষেত্রে সামান্য বাফারিং হতে পারে বলে জানায়, পরীক্ষায় তেমন সমস্যা চোখে পড়েনি।

‘ডাক প্লেয়ার’ কী

এছাড়া ডাকডাকগো ব্রাউজারে ‘ডাক প্লেয়ার’ নামে একটি অতিরিক্ত ফিচারও রয়েছে। এটি ইউটিউবের নিজস্ব প্লেয়ারের বদলে একটি প্রাইভেসি-কেন্দ্রিক ভিডিও প্লেয়ার ব্যবহার করে। এতে ব্যবহারকারীর ওপর কুকি-ভিত্তিক ট্র্যাকিং হয় না এবং ব্যক্তিগতকৃত বিজ্ঞাপনও দেখানো হয় না। এমনকি দেখা ভিডিও ইউটিউবের রেকমেন্ডেশনেও প্রভাব ফেলে না।

কীভাবে কাজ করে এই অ্যাড ব্লকার

এই অ্যাড ব্লকিং প্রযুক্তির পেছনে রয়েছে ওপেন সোর্স কমিউনিটি-নির্ভর ফিল্টার লিস্ট, বিশেষ করে uBlock Origin-এর মতো টুল থেকে নেওয়া আপডেটেড ডেটা। এর সঙ্গে ডাকডাকগো নিজস্ব কিছু অপ্টিমাইজেশন যোগ করে, যাতে ইউটিউবসহ বিভিন্ন সাইটে বিজ্ঞাপন ব্লকিং কার্যকর থাকে।

সব মিলিয়ে, যারা ইউটিউব বিজ্ঞাপন এড়িয়ে যেতে চান কিন্তু অতিরিক্ত সাবস্ক্রিপশন নিতে চান না, তাদের জন্য ডাকডাকগোর এই ফিচারটি একটি সহজ ও কার্যকর সমাধান হতে পারে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন