পোস্ট নিয়ন্ত্রণের তথ্য ব্যবহারকারীকে জানাবে এক্স

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৭

পোস্ট নিয়ন্ত্রণের তথ্য ব্যবহারকারীকে জানাবে এক্স

কোনো দেশের আইন বা কর্তৃপক্ষের অনুরোধে পোস্টের বিস্তার সীমিত বা পোস্ট আটকে দিলে এখন থেকে ব্যবহারকারীকে এ বিষয়ে তথ্য জানাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স। নতুন এই উদ্যোগের মাধ্যমে কোন দেশের অনুরোধে পোস্ট সীমিত করা হয়েছে, তা ব্যবহারকারী জানতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, এক্স তাদের ‘আন্ডার দ্য হুড’ নামের স্বচ্ছতা বিষয়ক সুবিধার পরিধি বাড়াচ্ছে। নতুন ব্যবস্থায় কোনো পোস্ট স্থানীয় আইন বা কর্তৃপক্ষের অনুরোধে সীমিত করা হলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে বিষয়টি জানানো হবে।

এক্স জানাবে, কোন দেশ থেকে পোস্ট সীমিত করার অনুরোধ এসেছে এবং কোন কোন দেশে ওই পোস্টের বিস্তার সীমিত করা হয়েছে। এর আগে ব্যবহারকারীরা অনেক ক্ষেত্রে পোস্ট বা অ্যাকাউন্টের এমন সীমাবদ্ধতার কারণ জানতে পারতেন না। ফলে কোনো পোস্টের বিস্তার কমে যাওয়াকে ঘিরে নানা ধরনের অভিযোগ ও বিভ্রান্তি তৈরি হতো।

গত আগস্টে এক্স ‘আন্ডার দ্য হুড’ সুবিধা চালু করে। এর মাধ্যমে মাসে অন্তত ১০টি পোস্ট করা ব্যবহারকারীরা নিজেদের অ্যাকাউন্টের বিভিন্ন পরিসংখ্যান জেসন (JSON) ফাইল হিসেবে ডাউনলোড করতে পারেন।

বিভিন্ন দেশে স্থানীয় আইন মেনে পোস্ট নিয়ন্ত্রণের অনুরোধ করা হয়। এসব অনুরোধের পেছনে ঘৃণাত্মক বক্তব্য, সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট কনটেন্ট ও নির্বাচনসংক্রান্ত বিধিমালার মতো বিষয় উল্লেখ করা হতে পারে। তবে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের অভিযোগ, কিছু দেশে এ ধরনের আইন ভিন্নমত দমনের জন্যও ব্যবহার করা হয়।

এক্স জানিয়েছে, ব্যবহারকারীদের কাছে পোস্ট নিয়ন্ত্রণের বিষয়ে আরও তথ্য তুলে ধরার লক্ষ্যেই নতুন সুবিধাটি চালু করা হচ্ছে। এর পাশাপাশি প্রতিষ্ঠানটি ‘ফর ইউ’ ফিডের অ্যালগরিদমের কোডসহ প্ল্যাটফর্মের আরও কিছু প্রযুক্তিগত তথ্য প্রকাশ করেছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন