শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগে টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ২২ আগস্ট ২০২৬, ১২:৪৬

শিশুদের তথ্য সংগ্রহের অভিযোগে টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

১৩ বছরের কম বয়সী শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে ৪০ কোটি ডলারের সমঝোতা করেছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। ২০২৪ সালে করা মামলাটি নিষ্পত্তির পাশাপাশি শিশুদের সুরক্ষায় বয়স যাচাই, নিরাপত্তা ব্যবস্থা ও অভিভাবকদের নজরদারি বাড়াতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।

মামলায় অভিযোগ করা হয়, প্রয়োজনীয় অভিভাবকের সম্মতি ছাড়াই টিকটক লাখো শিশুকে প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ দিয়েছে এবং তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করেছে। এসব তথ্য লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপনেও ব্যবহারের সুযোগ ছিল বলে অভিযোগ করা হয়।

সমঝোতা অনুযায়ী, টিকটককে বয়স যাচাই আরও জোরদার করতে হবে এবং শিশুদের জন্য অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা চালু করতে হবে। অভিভাবকদের সন্তানদের কার্যক্রম ও ব্যক্তিগত তথ্যের ওপর আরও নজরদারির সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে। তবে সমঝোতায় টিকটক বা বাইটড্যান্সকে কোনো অন্যায় স্বীকার করতে হবে না।

শিশুদের তথ্য নিয়ে টিকটকের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। ২০১৯ সালে টিকটকের পূর্ববর্তী প্রতিষ্ঠান মিউজিক্যালি একই আইনের অভিযোগ মেটাতে ৫৭ লাখ ডলার দিয়েছিল। তখন ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট খোলা ঠেকানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

তবে ২০২৪ সালের মামলায় অভিযোগ করা হয়, এরপরও অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারী শনাক্ত ও সরাতে টিকটক ব্যর্থ হয়েছে। এমনকি কর্মীদের উদ্বেগের পরও শিশুদের তথ্য সংরক্ষণ ও ব্যবহারের অভিযোগ ওঠে। বয়স যাচাই কঠিন করতে নিবন্ধন ব্যবস্থায় পরিবর্তন আনার অভিযোগও ছিল।

সমঝোতার আগে ব্যবহারকারীর নিরাপত্তা নিয়েও নতুন প্রশ্ন ওঠে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রায় ১০ শতাংশ ব্যবহারকারীর জন্য ক্ষতিকর কনটেন্ট কমানোর একটি অ্যালগরিদমিক নিরাপত্তাব্যবস্থা পরীক্ষামূলকভাবে বন্ধ করার অভিযোগ ওঠে। এ বিষয়ে টিকটকের কাছে ব্যাখ্যা চেয়েছেন রিপাবলিকান সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন ও ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথাল।

সূত্র : টেকক্রাঞ্চ

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন