দেশের বাজারে হিরোর নতুন দুই অ্যাডভেঞ্চার বাইক
বাংলাদেশের বাজারে এক্সপালস ২০০ ৪ভি ও এক্সপালস ২০০ ৪ভি প্রো মোটরসাইকেল এনেছে হিরো মোটোকর্প। নতুন দুই মডেল বাজারে আনার মধ্য দিয়ে বাংলাদেশে অন-রোড ও অফ-রোড অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের পোর্টফোলিও আরও সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানটি।
গতকাল (২১ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মোটরসাইকেল দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হিরো মোটোকর্প জানিয়েছে, তরুণ ও অ্যাডভেঞ্চারপ্রিয় রাইডারদের কথা বিবেচনা করে এক্সপালস ২০০ সিরিজ তৈরি করা হয়েছে। এতে দুর্গম পথে চলার সক্ষমতার পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের সুবিধা ও আধুনিক রাইডিং প্রযুক্তি রয়েছে।
দুই মডেলেই রয়েছে ১৯৯.৬ সিসির ৪-ভালভ, সিঙ্গেল-সিলিন্ডার ও অয়েল-কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি ৮,৫০০ আরপিএমে সর্বোচ্চ ১৮.৯ বিএইচপি শক্তি এবং ৬,৫০০ আরপিএমে ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন করে। এর সঙ্গে রয়েছে ৫-স্পিড ট্রান্সমিশন।
মোটরসাইকেল দুটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে তিন ধরনের এবিএস মোড, রোড, অফ-রোড ও র্যালি। এ ছাড়া রয়েছে ডুয়াল-পারপাস টায়ার, অ্যাডজাস্টেবল মোনো সাসপেনশন, এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ সংযোগ, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ক্লাস-ডি এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ও এলইডি ডিআরএল। সঙ্গে আছে ব্যাশ প্লেট, হ্যান্ডগার্ড এবং বাঞ্জি হুকসহ লাগেজ প্লেট।

এক্সপালস ২০০ ৪ভি তৈরি করা হয়েছে দৈনন্দিন যাতায়াত ও হালকা ট্রেইল রাইডিংয়ের জন্য। এতে রয়েছে ৮২৫ মিলিমিটার সিট হাইট, ২২০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ১৯০ মিলিমিটার ফ্রন্ট সাসপেনশন ট্রাভেল। মডেলটি মেটালিক নেক্সাস ব্লু হোয়াইট রঙে পাওয়া যাবে।
অন্যদিকে, এক্সপালস ২০০ ৪ভি প্রোতে রয়েছে আরও বেশি অফ-রোড সক্ষমতা। এতে প্রো অ্যাডজাস্টেবল সাসপেনশন, সামনে ২৫০ মিলিমিটার ও পেছনে ২২০ মিলিমিটার সাসপেনশন ট্রাভেল রয়েছে। এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ২৭০ মিলিমিটার এবং সিট হাইট ৮৯১ মিলিমিটার। এ ছাড়া রয়েছে হ্যান্ডেলবার রাইজার ও এক্সটেন্ডেড গিয়ার লিভার। মডেলটি পাওয়া যাবে পার্ল ফেডলেস হোয়াইট রঙে।
অনুষ্ঠানে হিরো মোটোকর্পের প্রধান নির্বাহী কর্মকর্তা হর্ষবর্ধন চিতালে বলেন, ‘বাংলাদেশ প্রতিষ্ঠানটির জন্য শুধু গুরুত্বপূর্ণ একটি বাজার নয়, বরং বৈশ্বিক পরিচয় ও উৎপাদন কার্যক্রমেরও গুরুত্বপূর্ণ অংশ। গত ১২ বছরে ‘হিরোর দেশ বাংলাদেশ’ দর্শনকে সামনে রেখে প্রতিষ্ঠানটি দেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করেছে।’
নিলয় মোটরসের সঙ্গে যৌথ উদ্যোগে আধুনিক উৎপাদন সুবিধা, বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক ও বাংলাদেশি কর্মীদের নিয়ে স্থানীয় ইকোসিস্টেম গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশে নিলয় মোটরস লিমিটেডের মাধ্যমে হিরো মোটোকর্পের মোটরসাইকেল বাজারজাত করা হয়। বর্তমানে দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৫৩০টির বেশি অনুমোদিত বিক্রয় ও সার্ভিস আউটলেট রয়েছে। নতুন মোটরসাইকেল কেনার সঙ্গে গ্রাহকেরা পাঁচ বছরের ওয়ারেন্টি ও ইন্স্যুরেন্স সুবিধা পাবেন।
এক্সপালস ২০০ ৪ভির দাম নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৩৫ হাজার টাকা। আর এক্সপালস ২০০ ৪ভি প্রোর দাম ৩ লাখ ৬৫ হাজার টাকা।