অর্থ লেনদেনের সুবিধা যুক্ত হচ্ছে টিকটকে

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১২:৪১

অর্থ লেনদেনের সুবিধা যুক্ত হচ্ছে টিকটকে

সরাসরি বার্তা বা ডিএমের মাধ্যমে এক ব্যবহারকারী থেকে আরেক ব্যবহারকারীর কাছে অর্থ পাঠানোর নতুন সুবিধা নিয়ে কাজ করছে টিকটক। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন সুবিধাটি চালু হলে টিকটকের বিদ্যমান ‘টিকটক পে’ ব্যবস্থার মাধ্যমে অর্থ লেনদেন করা যাবে। বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে টিকটক শপে কেনাকাটার জন্য এই সেবা ব্যবহৃত হচ্ছে।

ব্লুমবার্গ জানিয়েছে, টিকটকের আইফোন অ্যাপের মার্কিন সংস্করণের কোডে নতুন এ সুবিধার কিছু ইঙ্গিত পাওয়া গেছে। কোড অনুযায়ী, অর্থ গ্রহণকারী ব্যবহারকারীরা ‘ট্যাপ টু অ্যাকসেপ্ট’ অপশনের মাধ্যমে অর্থ গ্রহণ করতে পারবেন। অর্থ পাঠানোর সময় বার্তাও যুক্ত করা যাবে, যা ভেনমোর মতো সেবার সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

তবে টিকটক বলেছে, তারা বর্তমানে এ সুবিধার পরীক্ষা চালাচ্ছে না। এতে ধারণা করা হচ্ছে, ফিচারটি এখনো প্রাথমিক উন্নয়ন পর্যায়ে রয়েছে। ফলে এটি কবে বা আদৌ সবার জন্য উন্মুক্ত করা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

আর্থিক সেবাখাতে প্রবেশের ক্ষেত্রে এটি টিকটকের প্রথম উদ্যোগ নয়। চলতি বছরের শুরুতে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ঋণ ও অর্থ পরিশোধসেবা দেওয়ার লক্ষ্যে ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের কাছে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম চালানোর অনুমতি চেয়েছে টিকটক।

সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে টিকটক ধীরে ধীরে নিজেদের সেবার পরিধি বাড়িয়েছে। অনুসন্ধান সুবিধা, টিকটক শপ, স্থানীয় স্থান খোঁজার মানচিত্র, গেমস এবং হোটেল বুকিংয়ের মতো নানা সেবা ইতিমধ্যে যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

নতুন অর্থ লেনদেন সুবিধা চালু হলে ভেনমো ও জেলের মতো সেবার সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে টিকটক। একই পথে এগোচ্ছে এক্সও। টুইটার নামে পরিচিত প্ল্যাটফর্মটি সম্প্রতি ব্যবহারকারীদের মধ্যে অর্থ লেনদেনের জন্য ‘এক্স মানি’ সেবা চালু করেছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন