এআই সক্ষমতা বাড়াতে সফটব্যাংকের সঙ্গে কাজ করবে এনভিডিয়া
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অবকাঠামো সম্প্রসারণে বড় পদক্ষেপ নিয়েছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সফটব্যাংক ও ওপেনএআই-সমর্থিত ডেটা সেন্টার ডেভেলপার এসবি এনার্জিতে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করবে তারা।
এই বিনিয়োগের ফলে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটির কাছে নির্মাণাধীন পোর্টস-পাইক ডেটা সেন্টারে কম্পিউট অবকাঠামোর একমাত্র সরবরাহকারী হবে এনভিডিয়া। পাশাপাশি প্রকল্পটির নির্মাণে সহায়তার জন্য সর্বোচ্চ ১০৫ বিলিয়ন ডলার ঋণ সুবিধাও দেবে প্রতিষ্ঠানটি।
প্রাথমিকভাবে ৪ দশমিক ২৫ গিগাওয়াট সক্ষমতা নিয়ে শুরু হলেও ভবিষ্যতে ডেটা সেন্টারটির সক্ষমতা ৮ গিগাওয়াট পর্যন্ত বাড়ানো যেতে পারে। বর্তমানে এসবি এনার্জির বিনিয়োগকারীদের মধ্যে সফটব্যাংক ও ওপেনএআই রয়েছে। এআই খাতে অন্যান্য বিনিয়োগের অর্থ জোগাতে সফটব্যাংক গত বছর প্রায় ৫৮০ কোটি ডলারের এনভিডিয়া শেয়ার বিক্রি করেছিল।
ডেটা সেন্টার প্রকল্পটির জন্য ৯ দশমিক ২ গিগাওয়াট ক্ষমতার একটি প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের মালিকানাধীন জমিতে গড়ে তোলা হবে কেন্দ্রটি। একসময় ওই স্থাপনায় পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও নৌবাহিনীর সাবমেরিনের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ হতো।
বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে ব্যয় হতে পারে প্রায় ৩৩ বিলিয়ন ডলার। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ডেটা সেন্টারের চাহিদা দ্রুত বাড়ায় প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের খরচও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এদিকে এআই অবকাঠামোর জন্য বিদ্যুতের বিপুল চাহিদা নতুন করে বিতর্ক তৈরি করেছে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ক্রমেই বড় আকারের ডেটা সেন্টার নির্মাণে ঝুঁকছে, যা ভবিষ্যতে জ্বালানি বাজারে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র : টেকক্রাঞ্চ