ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আনছে ইউটিউব
ভিডিওর ভিউ গণনার নিয়মে বড় পরিবর্তন আনছে ইউটিউব। আগামী ২৪ আগস্ট থেকে কোনো ভিডিও চালু হওয়া মাত্রই সেটিকে একটি ভিউ হিসেবে গণনা করা হবে। একই নিয়ম প্রযোজ্য হবে সরাসরি সম্প্রচার বা লাইভ ভিডিওর ক্ষেত্রেও।
সম্প্রতি এক ঘোষণায় ইউটিউব এ তথ্য জানিয়েছে। এত দিন প্রতিষ্ঠানটি ভিউ গণনার নির্দিষ্ট পদ্ধতি প্রকাশ না করলেও সাধারণভাবে ধারণা করা হতো, একটি ভিডিও অন্তত ৩০ সেকেন্ড দেখা হলে সেটিকে ভিউ হিসেবে ধরা হয়।
গত বছর ইউটিউব শর্টসের ক্ষেত্রে একই ধরনের পরিবর্তন আনা হয়েছিল। টিকটক ও ইনস্টাগ্রামও ভিডিও চালু হওয়ার সঙ্গে সঙ্গেই ভিউ গণনা করে থাকে। এবার দীর্ঘ ভিডিও ও লাইভ সম্প্রচারের ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করছে ইউটিউব।
ইউটিউবের ভাষ্য, বিভিন্ন ধরনের কনটেন্টের জন্য এত দিন ভিন্ন ভিন্ন ভিউ গণনা পদ্ধতি ছিল। তবে নির্মাতারা এই বিভ্রান্তি দূর করে প্রকৃত পৌঁছানোর পরিমাণ জানতে চেয়েছেন। তাই নতুন এই পরিবর্তন আনা হচ্ছে।
নতুন নিয়ম চালুর পর অনেক ভিডিওর ভিউ সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বিশেষ করে যেসব ভিডিও দর্শকের মনোযোগ অল্প সময়ের জন্য আকর্ষণ করে, সেগুলোর ভিউ দ্রুত বাড়বে। ফলে শুধু ভিউ সংখ্যা দেখে কোনো ভিডিও কতটা জনপ্রিয়, তা আগের তুলনায় কম নির্ভরযোগ্য হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ইউটিউব জানিয়েছে, পুরোনো ভিউ পরিমাপ পদ্ধতি পুরোপুরি বাদ দেওয়া হচ্ছে না। ‘এনগেজড ভিউস’ নামে পরিচিত সেই তথ্য নির্মাতারা ইউটিউব অ্যানালিটিকসে দেখতে পারবেন। এর মাধ্যমে বোঝা যাবে কতজন দর্শক ভিডিওটি দেখা চালিয়ে গেছেন।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, নতুন এই পরিবর্তনের ফলে নির্মাতাদের আয় বা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যোগ্যতা অর্জনের নিয়মে কোনো প্রভাব পড়বে না।
উল্লেখ্য, গত সপ্তাহেই ইউটিউব নতুন নির্মাতাদের জন্য আয় করার শর্ত আরও কঠোর করার ঘোষণা দিয়েছে। আগামী বছর থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে আয় করতে চাইলে নির্মাতাদের আগের তুলনায় বেশি ওয়াচ আওয়ার ও শর্টস ভিউ অর্জন করতে হবে।