পোস্ট ভাইরাল না হওয়ার কারণ জানাবে এক্স

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১৫:১৩

পোস্ট ভাইরাল না হওয়ার কারণ জানাবে এক্স

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) অনেক ব্যবহারকারী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, তাদের পোস্ট প্রত্যাশিত সংখ্যক মানুষের কাছে পৌঁছায় না। কেউ কেউ এটিকে ‘শ্যাডোব্যান’ বলে অভিহিত করেন। এবার এ বিষয়ে আরও স্বচ্ছতা আনতে নতুন টুল চালু করেছে এক্স, যা ব্যবহারকারীদের পোস্টের দৃশ্যমানতা ও অ্যাকাউন্টের ওপর আরোপিত সম্ভাব্য সীমাবদ্ধতা সম্পর্কে তথ্য দেবে।

সম্প্রতি এক্স তাদের ‘ফর ইউ’ টাইমলাইনের মূল র‌্যাঙ্কিং অ্যালগরিদমের সোর্স কোড গিটহাবে উন্মুক্ত করেছে। এর ফলে ব্যবহারকারীরা জানতে পারবেন, কোন ভিত্তিতে পোস্টগুলো ফিডে প্রদর্শিত হয় এবং কেন কিছু পোস্ট বেশি গুরুত্ব পায়, আর কিছু পোস্ট কম মানুষের কাছে পৌঁছে।

টেকক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে এক্সের ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট কিথ কোলম্যান বলেন, প্রকাশিত কোডে সেই মূল র‌্যাঙ্কিং ব্যবস্থা রয়েছে, যা ব্যবহারকারীদের জন্য পোস্ট নির্বাচন, সাজানো এবং ফিড তৈরি করার কাজ করে। এতে এমন ব্যবস্থাও রয়েছে, যা সম্ভাব্য সমস্যাজনক বা নীতিমালা লঙ্ঘনকারী কনটেন্ট শনাক্ত ও ফিল্টার করতে ব্যবহৃত হয়।

এছাড়া এক্স পরীক্ষামূলকভাবে ‘আন্ডার দ্য হুড’ নামে একটি টুল চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন, তাদের অ্যাকাউন্টে কোনো বিশেষ লেবেল বা সীমাবদ্ধতা যুক্ত করা হয়েছে কি না। এ তথ্য দেখতে ব্যবহারকারীদের নিজেদের অ্যাকাউন্টের তথ্য ফাইল আকারে ডাউনলোড করতে হবে

তবে আপাতত সুবিধাটি সবার জন্য উন্মুক্ত নয়। এ টুল ব্যবহারের জন্য অ্যাকাউন্টের বয়স কমপক্ষে এক বছর হতে হবে। পাশাপাশি গত এক মাসে অন্তত ১০টি পোস্ট থাকতে হবে এবং ব্যবহারকারীকে এক্সের নির্বাচিত পরীক্ষামূলক গ্রুপের সদস্য হতে হবে।

প্রযুক্তিগত তথ্য বোঝা অনেকের জন্য কঠিন হতে পারে। তাই ডাউনলোড করা তথ্য বিশ্লেষণে গ্রোকের মতো বড় ভাষাভিত্তিক এআই মডেল ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে ব্যবহারকারীদের একটি অংশ অভিযোগ করে আসছেন, কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা ছাড়াই তাদের পোস্টের দৃশ্যমানতা কমিয়ে দেওয়া হয়। একে সাধারণভাবে ‘শ্যাডোব্যান’ বলা হয়। ইলন মাস্ক অতীতেও এ ধরনের অভিযোগের বিষয়ে আরও স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন টুলটিকে সেই উদ্যোগেরই অংশ হিসেবে দেখা হচ্ছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন