বিজ্ঞাপনমুক্ত ব্রাউজিংয়ে ফায়ারফক্সের নতুন সুবিধা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১৭:৪১

বিজ্ঞাপনমুক্ত ব্রাউজিংয়ে ফায়ারফক্সের নতুন সুবিধা

জনপ্রিয় বিজ্ঞাপন প্রতিরোধক এক্সটেনশন ‘ইউব্লক অরিজিন’ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে মজিলা। এর ফলে বড় ব্রাউজারগুলোর মধ্যে ফায়ারফক্সই এখন একমাত্র ব্রাউজার, যেখানে ইউব্লক অরিজিনের পূর্ণ সংস্করণ ব্যবহার করা যাবে। 

সম্প্রতি ব্লুস্কাইয়ে দেওয়া এক পোস্টে মজিলা জানিয়েছে, ইউব্লক অরিজিনের প্রতি তাদের সমর্থন কোথাও যাচ্ছে না। প্রতিষ্ঠানটির এই মন্তব্য এসেছে এমন সময়ে, যখন মাইক্রোসফট এজ শিগগিরই ম্যানিফেস্ট ভি২ নির্ভর ইউব্লক অরিজিনসহ বেশ কয়েকটি এক্সটেনশনের সমর্থন বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে।

গুগলের উদ্যোগে ক্রোম ও ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারগুলো ধীরে ধীরে ম্যানিফেস্ট ভি২ থেকে ম্যানিফেস্ট ভি৩-এ স্থানান্তরিত হচ্ছে। নতুন এই কাঠামোয় বিজ্ঞাপন প্রতিরোধক এক্সটেনশনগুলোর কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা সীমিত হয়ে যায়। ফলে ওয়েবসাইট ও ভিডিওতে প্রদর্শিত বিজ্ঞাপন শনাক্ত ও ব্লক করার ক্ষেত্রে আগের মতো কার্যকরভাবে কাজ করতে পারে না এসব এক্সটেনশন।

মাইক্রোসফট এজ ক্রোমিয়ামভিত্তিক হওয়ায় প্রতিষ্ঠানটি গুগলের পথই অনুসরণ করছে। একই কারণে অপেরা, ভিভালদি, স্যামসাং ইন্টারনেট ও অন্যান্য ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারও ম্যানিফেস্ট ভি৩ নীতির আওতায় চলে এসেছে।

ফায়ারফক্স ভিন্ন পথ বেছে নিয়েছে। ব্রাউজারটি নিজস্ব ইঞ্জিনে পরিচালিত হওয়ায় ম্যানিফেস্ট ভি২-ভিত্তিক এক্সটেনশনের সমর্থন ধরে রেখেছে। এর ফলে ইউব্লক অরিজিনের পূর্ণাঙ্গ সংস্করণ ব্যবহারকারীরা এখনো ফায়ারফক্সে আগের মতোই ব্যবহার করতে পারছেন।

বর্তমানে ক্রোম, এজ ও অন্যান্য ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারে ইউব্লক অরিজিনের পরিবর্তে ‘ইউব্লক অরিজিন লাইট’ সংস্করণ ব্যবহার করা সম্ভব। তবে এতে মূল সংস্করণের তুলনায় কম সুবিধা ও সীমিত বিজ্ঞাপন প্রতিরোধ ক্ষমতা রয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ম্যানিফেস্ট ভি৩ চালুর ফলে ব্যবহারকারীদের গোপনীয়তা ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আর এই প্রেক্ষাপটে ইউব্লক অরিজিনের পূর্ণ সমর্থন বজায় রাখায় ফায়ারফক্স বিজ্ঞাপনমুক্ত ব্রাউজিং পছন্দ করা ব্যবহারকারীদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন