অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজার কিশোরের অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে মেটা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ১৬:১৫

অস্ট্রেলিয়ায় ৭ লাখ ৫৬ হাজার কিশোরের অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে মেটা
ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকরের মধ্যে ৭ লাখ ৫৬ হাজার সন্দেহভাজন কিশোর ব্যবহারকারীর অ্যাকাউন্ট সরিয়ে দিয়েছে মেটা। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, গত ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে এসব অ্যাকাউন্ট অপসারণ করা হয়েছে।

মেটার তথ্য অনুযায়ী, এ সময়ে ৪ লাখ ৬২ হাজার ইনস্টাগ্রাম এবং ২ লাখ ৯৪ হাজার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। জানুয়ারিতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তখন পর্যন্ত ৩ লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম ও ১ লাখ ৭৩ হাজার ফেসবুক অ্যাকাউন্ট সরানো হয়েছিল।

বিশ্বে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা গত ১০ ডিসেম্বর কার্যকর হয়। শিশু ও কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ থেকে আইনটি প্রণয়ন করে দেশটির সরকার।

যদিও আইনটির বিরোধিতা করেছিল মেটাসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো, এখন তারা আইন মেনে চলার চেষ্টা করছে বলে জানিয়েছে। তবে অস্ট্রেলিয়ার ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা মনে করছে, কয়েকটি প্ল্যাটফর্ম আইন বাস্তবায়নে যথেষ্ট পদক্ষেপ নেয়নি। এ কারণে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

সরকারি তথ্য ও স্বাধীন বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিষেধাজ্ঞা কার্যকরের পর প্রথম তিন মাসেও ১৬ বছরের কম বয়সী ১০ জনের মধ্যে ৮ জনের বেশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেছে।

এ বিষয়ে পার্লামেন্টারি শুনানিতে মেটা, টিকটক, গুগল ও স্ন্যাপচ্যাটের প্রতিনিধিরা সাক্ষ্য দেবেন। সেখানে আইন বাস্তবায়নের অগ্রগতি ও প্ল্যাটফর্মগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হবে।

মেটা জানিয়েছে, আইন বাস্তবায়নের অংশ হিসেবে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যবহারকারীর বয়স শনাক্ত করছে। পাশাপাশি জন্মদিন, স্কুলের শ্রেণি বা অন্যান্য তথ্য বিশ্লেষণ করে সন্দেহভাজন অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট চিহ্নিত করা হচ্ছে।

সূত্র : রয়টার্স

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন