ইউটিউবে মনিটাইজেশনের শর্ত কঠিন করেছে গুগল

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১২:৪৯

ইউটিউবে মনিটাইজেশনের শর্ত কঠিন করেছে গুগল
ছবি: রয়টার্স

ইউটিউব থেকে বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন আয় শুরু করতে নতুন নির্মাতাদের আরও কঠিন শর্ত পূরণ করতে হবে। আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৭ থেকে আয় শুরু করতে গত এক বছরে অন্তত ৮ হাজার ঘণ্টা যোগ্য ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে ২ কোটি যোগ্য শর্টস ভিউ থাকতে হবে বলে জানিয়েছে ইউটিউব।

বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হতে ১ হাজার সাবস্ক্রাইবারের পাশাপাশি গত এক বছরে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার অথবা গত ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ প্রয়োজন। নতুন নিয়মে ওয়াচ আওয়ারের শর্ত দ্বিগুণ হচ্ছে। তবে বর্তমানে পার্টনার প্রোগ্রামে থাকা নির্মাতাদের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য হবে না।

শর্টস থেকে আয় করতে নির্মাতাদের ৯০ দিনের মধ্যে ১ কোটি ভিউ ধরে রাখতে হবে। এই সীমার নিচে নেমে গেলে শর্টস থেকে আয় বন্ধ থাকবে। তবে চ্যানেল পার্টনার প্রোগ্রামে থেকে দীর্ঘ ভিডিও থেকে আয় চালিয়ে যেতে পারবে। আবার ১ কোটি ভিউ পূরণ হলে শর্টস থেকে আয় চালু হবে।

ইউটিউব বলছে, প্ল্যাটফর্মের দ্রুত সম্প্রসারণের সঙ্গে তাল মেলাতে এই পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে প্রতিদিন ইউটিউবে ২০ হাজার কোটির বেশি শর্টস দেখা হয়। টেলিভিশনেও প্রতিদিন এক বিলিয়নের বেশি ঘণ্টা ভিডিও দেখা হয়।

নতুন নিয়মের ফলে বিশেষ করে শর্টস নির্মাতাদের জন্য ইউটিউব থেকে আয় শুরু করা আরও কঠিন হবে। নিয়মিত বড় দর্শক ধরে রাখার ওপর নির্মাতাদের চাপ বাড়বে।

এদিকে ইউটিউব প্রিমিয়াম লাইট সেবা সব দেশে চালু করার ঘোষণা দিয়েছে, যেখানে ইউটিউব প্রিমিয়াম পাওয়া যায়। এই সেবায় বেশির ভাগ ভিডিও বিজ্ঞাপন ছাড়া দেখার পাশাপাশি ভিডিও ডাউনলোড ও ব্যাকগ্রাউন্ডে চালানোর সুবিধা রয়েছে

প্রিমিয়াম গ্রাহকদের কাছ থেকে পাওয়া আয়ের অংশও নির্মাতারা পাবেন। দীর্ঘ ভিডিও নির্মাতারা ৫৫ শতাংশ এবং শর্টস নির্মাতারা ৪৫ শতাংশ পাবেন।

নির্মাতাদের আয় ব্যবস্থায় পরিবর্তন আনা প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে ইউটিউবই একমাত্র নয়। সম্প্রতি ইলন মাস্কের এক্স শুধু মৌলিক বা নিজস্ব কনটেন্টকে পুরস্কৃত করার মতো করে নির্মাতাদের আয় কাঠামো পরিবর্তন করেছে। ফেসবুকও টিকটক ও ইউটিউবের জনপ্রিয় নির্মাতাদের আকৃষ্ট করতে নতুন আয় কর্মসূচি চালু করেছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন