আইফোন ও অ্যান্ড্রয়েডে ইউটিউবের পিআইপি ফিচারে ত্রুটি
আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসে ইউটিউবের পিকচার-ইন-পিকচার (পিআইপি) ফিচারে ত্রুটি দেখা দিয়েছে। ফলে অ্যাপ থেকে বের হওয়ার পর ভিডিও ভাসমান ছোট পর্দায় চালু থাকার কথা থাকলেও তা হচ্ছে না।
ইউটিউব জানিয়েছে, অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন যে অ্যাপ বন্ধ করার পর পিআইপি মোড চালু হচ্ছে না। সাধারণত এই ফিচারের মাধ্যমে ভিডিও স্ক্রিনের এক কোণে ছোট আকারে চলতে থাকে, কিন্তু এখন সেটি না হয়ে কেবল অডিও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকছে।
প্রতিষ্ঠানটির মতে, বেশিরভাগ অভিযোগ আইফোন ব্যবহারকারীদের কাছ থেকে এসেছে। তবে কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীও একই সমস্যার মুখোমুখি হয়েছেন। বিশেষ করে আইফোনে ইউটিউব অ্যাপের একটি নির্দিষ্ট সংস্করণে এই ত্রুটি সহজেই দেখা যাচ্ছে।
শুক্রবার প্রথম সমস্যাটি শনাক্ত করার পর ইউটিউব জানিয়েছে, তাদের প্রকৌশলী দল বিষয়টি সমাধানে কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান বা আপডেট প্রকাশ করা হয়নি।
এদিকে ব্যবহারকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি এবং সমস্যার অগ্রগতি জানতে সহায়তা পাতায় নজর রাখতে বলা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে বিশ্বজুড়ে বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য পিকচার-ইন-পিকচার সুবিধা চালু করে ইউটিউব। কিন্তু নতুন এই ত্রুটির কারণে অনেকেই স্বাভাবিকভাবে ভিডিও দেখার অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছেন।