সংবাদমাধ্যমের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ নিয়ে বিতর্কে মেটা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৬

সংবাদমাধ্যমের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ নিয়ে বিতর্কে মেটা

বিজনেস পলিসিতে ওয়েবসাইটের তথ্য ব্যবহার নিয়ে বিতর্কের মুখে পড়েছে মেটা। শর্তাবলির (পলিসি) একটি ধারায় বলা হয়েছিল, ব্যবসায়িক অ্যাকাউন্টের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা তথ্য নিজেদের পণ্য ও সেবার উন্নয়ন, গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল প্রশিক্ষণে ব্যবহার করতে পারবে প্রতিষ্ঠানটি। সমালোচনার পর বিতর্কিত ভাষাটি শর্তাবলি থেকে সরিয়ে নিয়েছে মেটা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, মেটার হালনাগাদ বাণিজ্যিক শর্তাবলিতে ব্যবসায়িক অ্যাকাউন্টের ডোমেইন, ওয়েবপেজ বা ইউআরএলের যেকোনো কনটেন্ট ব্যবহারের অনুমতি ছিল। এর মধ্যে মেটার পণ্য ও সেবার উন্নয়ন, গবেষণা, প্রশিক্ষণ এবং নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

নিম্যান ল্যাবের সঙ্গে কথা বলা আইন বিশেষজ্ঞরা শর্তটির ভাষাকে ব্যতিক্রমী বলে উল্লেখ করেন। তাদের আশঙ্কা ছিল, এর মাধ্যমে মেটা ব্যবসায়িক অ্যাকাউন্ট থাকা যেকোনো প্রকাশকের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে নিজেদের এআই মডেল প্রশিক্ষণে ব্যবহার করার সুযোগ পেতে পারে।

তবে মেটার এক মুখপাত্র দাবি করেন, শর্তাবলির এই পরিবর্তনের ফলে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের পদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি। পরে বিতর্কিত ভাষাটি শর্তাবলি থেকে সরিয়ে নেওয়া হয়।

মেটার এক বিবৃতিতে বলা হয়েছে, বিজ্ঞাপন ও ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য ওয়েব ক্রলিং-সংক্রান্ত শর্তগুলো এক জায়গায় সংকলন করা হয়েছিল। বিষয়টি স্পষ্ট করতে শর্তাবলিতে প্রয়োজনীয় ব্যাখ্যা যোগ করা হয়েছে। তবে এতে ওয়েব ক্রলারের মাধ্যমে তথ্য সংগ্রহের পদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি।

এআই মডেল প্রশিক্ষণে কপিরাইটযুক্ত কনটেন্ট ব্যবহার নিয়ে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। গত বছর কপিরাইট লঙ্ঘনের অভিযোগে করা একটি আলোচিত মামলায় মেটা জয় পেলেও প্রতিষ্ঠানটিসহ অন্য এআই কোম্পানিগুলোর বিরুদ্ধে এ ধরনের আইনি লড়াই অব্যাহত রয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন