ইনস্টাগ্রাম ও ফেসবুকের রিলসে ‘সিরিজ’ সুবিধা আনছে মেটা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ৩ জুন ২০২৬, ১৬:৪৫

ইনস্টাগ্রাম ও ফেসবুকের রিলসে ‘সিরিজ’ সুবিধা আনছে মেটা

ধারাবাহিক কনটেন্টকে আরও সহজে উপভোগ্য করতে রিলসে ‘সিরিজ’ সুবিধা আনছে মেটা। নতুন এই ফিচার চালু হলে নির্মাতারা ভিডিওগুলোকে পর্বভিত্তিকভাবে সাজাতে পারবেন এবং দর্শকরা ধারাবাহিকভাবে তা দেখতে পারবেন।

প্রাথমিকভাবে সীমিত সংখ্যক নির্মাতার ওপর এই ফিচার পরীক্ষা করা হচ্ছে। বিশেষ করে যারা নিয়মিত ধারাবাহিক ভিডিও প্রকাশ করেন, তাদের জন্য এটি কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে

নতুন এই ব্যবস্থায় নির্মাতারা পুরোনো ও নতুন রিলস একত্র করে একটি সিরিজ তৈরি করতে পারবেন। প্রতিটি ভিডিও একটি পর্ব হিসেবে কাজ করবে এবং নির্মাতার প্রোফাইলে আলাদা বিভাগে তা দেখা যাবে। ফলে দর্শকদের আর আলাদা করে ভিডিও খুঁজতে হবে না, এক জায়গা থেকেই পুরো সিরিজ দেখা সম্ভব হবে।

ধরা যাক, কেউ ‘১০ দিনে স্বাস্থ্যকর রান্না’ ধরনের কোনো কনটেন্ট তৈরি করছেন। সে ক্ষেত্রে সব ভিডিও একত্র করে একটি সিরিজ বানানো যাবে। দর্শকরা পর্ব অনুযায়ী ভিডিও দেখতে পারবেন এবং যেখানে দেখা বন্ধ করেছিলেন, সেখান থেকেই আবার শুরু করতে পারবেন।

এ ছাড়া কোনো একটি ভিডিও দেখার সময় সেটি যদি কোনো সিরিজের অংশ হয়, তাহলে পুরো সিরিজে যাওয়ার অপশনও দেখানো হবে। পাশাপাশি সিরিজ সংরক্ষণ করে পরে দেখার সুবিধাও থাকতে পারে।

এই উদ্যোগের মাধ্যমে দ্রুত স্ক্রল করে ভিডিও দেখার অভ্যাসের বাইরে গিয়ে দীর্ঘমেয়াদি দর্শক ধরে রাখতে চায় মেটা। ধারাবাহিক কনটেন্টের মাধ্যমে ব্যবহারকারীদের বারবার প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার কৌশল হিসেবে এই ফিচারকে দেখা হচ্ছে।

প্রতিদ্বন্দ্বী টিকটক ইতোমধ্যে একই ধরনের ‘সিরিজ’ ফিচার চালু করেছে, যেখানে অর্থের বিনিময়ে প্রিমিয়াম কনটেন্ট দেখা যায়। মেটার ক্ষেত্রেও ভবিষ্যতে আয় করার সুযোগ যুক্ত হতে পারে, তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে ইনস্টাগ্রামে কনটেন্ট সাজানোর জন্য বিভিন্ন সুবিধা চালু করা হয়েছিল। নতুন ‘সিরিজ’ ফিচার সেই অভিজ্ঞতাকে আরও উন্নত করবে বলে মনে করা হচ্ছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন