ইনস্টাগ্রামে ব্যক্তিগত বার্তা নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ১১ মে ২০২৬, ১৩:০৫

ইনস্টাগ্রামে ব্যক্তিগত বার্তা নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
ছবি : সংগৃহীত

ইনস্টাগ্রামে ব্যক্তিগত বার্তা আদান-প্রদানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমে ডিরেক্ট মেসেজ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি মেটা। এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তা, ছবি, ভিডিও ও ভয়েস নোটের গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠছে।

নতুন পরিবর্তনের ফলে ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজে থাকা এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা আর থাকছে না। এই প্রযুক্তি এতদিন ব্যবহারকারীদের বার্তা সম্পূর্ণ গোপন রাখত, যেখানে কেবল প্রেরক ও প্রাপকই বার্তার বিষয়বস্তু দেখতে পারতেন। এখন সেই সুরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ায় মেটা প্রয়োজনে এসব তথ্য দেখতে পারবে বলে জানা গেছে।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন সাধারণভাবে এমন একটি নিরাপত্তা প্রযুক্তি, যেখানে মাঝপথে কেউই বার্তার বিষয়বস্তু পড়তে পারে না। দীর্ঘদিন ধরে এটি ব্যক্তিগত যোগাযোগের নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

মেটার এই সিদ্ধান্ত নিয়ে প্রযুক্তি খাতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গোপনীয়তা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন বলছে, এতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার জায়গা দুর্বল হয়ে পড়বে এবং প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ আরও বাড়বে। তাদের মতে, এটি ডিজিটাল গোপনীয়তার জন্য উদ্বেগজনক পরিবর্তন।

অন্যদিকে কিছু শিশু সুরক্ষা সংগঠন এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে। যুক্তরাজ্যভিত্তিক শিশু সুরক্ষা সংস্থা এনএসপিসিসির এক কর্মকর্তা মনে করেন, এনক্রিপশন থাকলে অনেক সময় অনলাইন ক্ষতিকর আচরণ শনাক্ত করা কঠিন হয়। তাই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্ল্যাটফর্মগুলোর আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

গোপনীয়তা বিষয়ক সংগঠন বিগ ব্রাদার ওয়াচের পক্ষ থেকে বলা হয়েছে, এই পরিবর্তন প্রযুক্তি খাতে একটি উদ্বেগজনক প্রবণতার ইঙ্গিত দেয়। তাদের দাবি, এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ব্যবহারের সুযোগ আরও বাড়তে পারে।

অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান এলিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ হজসন আশঙ্কা প্রকাশ করেছেন, এই পরিবর্তনের ফলে ভবিষ্যতে ব্যক্তিগত বার্তা ও তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণে ব্যবহৃত হতে পারে।

তবে মেটা জানিয়েছে, তারা ব্যবহারকারীদের ব্যক্তিগত বার্তা, ভয়েস নোট বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য বিজ্ঞাপন নির্ধারণ বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণের জন্য ব্যবহার করে না।

ইনস্টাগ্রামের এই পরিবর্তন ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন