আবারও ফিরছে ইন্টেল, আশাবাদ ও সংশয় একসঙ্গে

Tech World Desk

টেক ওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ১১ মে ২০২৬, ১২:৫৩

আবারও ফিরছে ইন্টেল, আশাবাদ ও সংশয় একসঙ্গে
ছবি : টেকক্রাঞ্চ

বিশ্বের অন্যতম পুরোনো ও প্রভাবশালী চিপ নির্মাতা ইন্টেল আবারও আলোচনায় ফিরেছে। নতুন প্রধান নির্বাহী লিপ-বু তান দায়িত্ব নেওয়ার পর কোম্পানিটিকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা চলছে। একই সঙ্গে শেয়ার বাজারে তাদের মূল্যবৃদ্ধি এই প্রত্যাবর্তন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করলেও বাস্তব অগ্রগতি নিয়ে রয়েছে সংশয়।

ব্লুমবার্গের এক বিশ্লেষণে বলা হয়েছে, গত এক বছরে ইন্টেলের শেয়ারের দাম প্রায় ৪৯০ শতাংশ বেড়েছে। এই উল্লম্ফন বিনিয়োগকারীদের বড় প্রত্যাশার ইঙ্গিত দিলেও কোম্পানির ভেতরের পরিবর্তন সেই গতির সঙ্গে পুরোপুরি মিলছে না।

লিপ-বু তান দায়িত্ব নেওয়ার পর কাঠামোগত সংস্কারের চেয়ে অংশীদারত্ব ও সম্পর্ক তৈরিতেই বেশি সময় দিয়েছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ চুক্তির ফলে সরকার এখন ইন্টেলের তৃতীয় বৃহত্তম শেয়ারধারী। পাশাপাশি ইলন মাস্কের সঙ্গে কারখানা অংশীদারত্ব এবং অ্যাপল ও টেসলার সঙ্গে প্রাথমিক উৎপাদন চুক্তির আলোচনাও চলছে।

তবে উৎপাদন সক্ষমতার দিক থেকে ইন্টেল এখনো পিছিয়ে আছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, তাদের চিপ উৎপাদনের দক্ষতা বাজারের শীর্ষ প্রতিষ্ঠান টিএসএমসির তুলনায় কম। অভ্যন্তরীণভাবে পরিকল্পনার স্পষ্টতা নিয়েও প্রশ্ন রয়েছে। কিছু কর্মীর মতে, নির্দিষ্ট দিকনির্দেশনার অভাবে অনেক দল সময়সীমা ধরে রাখলেও লক্ষ্য পূরণে পিছিয়ে পড়ছে।

এরপরও বিনিয়োগকারীরা বড় চিত্রের দিকে তাকিয়ে আছে। তাদের ধারণা, ইন্টেলের হারানো অবস্থান পুনরুদ্ধার সম্ভব। তবে সেই প্রত্যাবর্তন কতটা বাস্তব হবে, তা নিয়েই মূল সংশয়।

 ইন্টেলের গল্প এখন একদিকে সম্ভাবনার, অন্যদিকে অনিশ্চয়তার। শেয়ারের উল্লম্ফন যতটা আশাবাদ তৈরি করেছে, বাস্তব অগ্রগতি এখনো ততটা স্পষ্ট নয়। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই প্রত্যাবর্তন শেষ পর্যন্ত কতটা টেকসই হবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন