ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের টানতে থ্রেডসের নতুন কৌশল
ব্যবহারকারী বাড়াতে আবারও নতুন কৌশল নিয়েছে মেটা। থ্রেডস থেকে এখন সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট শেয়ার করা যাবে। অ্যাপ থেকে বের হওয়ার ঝামেলা থাকছে না। শেয়ার করার আগেই দেখা যাবে পোস্টটি স্টোরিতে কেমন দেখাবে। ইনস্টাগ্রামের বিশাল ব্যবহারকারী দলকে থ্রেডসে আনার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি এই নতুন ফিচারের ঘোষণা দেয় মেটা। এখন থেকে থ্রেডস অ্যাপের ভেতরেই ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট শেয়ার করা যাবে। আগে শেয়ার করা গেলেও ব্যবহারকারীকে অ্যাপ থেকে বের হতে হতো। নতুন সুবিধায় শেয়ার করার আগে স্টোরির প্রিভিউ দেখা যাবে। এতে পুরো প্রক্রিয়া সহজ হয়েছে।
আগে থ্রেডসের যেকোনো পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা যেত। পদ্ধতিটি ছিল ইনস্টাগ্রামের পোস্ট স্টোরিতে শেয়ার করার মতো। পাশাপাশি ইনস্টাগ্রাম ফিড ও ডিএমেও পোস্ট পাঠানোর সুযোগ ছিল। তবে নতুন ফিচার সরাসরি অ্যাপের ভেতরেই অভিজ্ঞতাকে আরও মসৃণ করেছে।
২০২৩ সালের জুলাইয়ে যাত্রা শুরু করে মেটার লেখা নির্ভর, টুইটারধাঁচের প্ল্যাটফর্ম থ্রেডস। শুরু থেকেই এটি ইনস্টাগ্রামের সঙ্গে সংযুক্ত। নিবন্ধনের সময় ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম পরিচয় ব্যবহার করে প্রমাণীকরণ করতে হয়। ফলে স্বয়ংক্রিয়ভাবে প্রোফাইলের নাম, ছবি, বায়ো, ভেরিফিকেশন অবস্থা ও অনুসারীর তথ্য যুক্ত হয়।
এক ট্যাপেই ইনস্টাগ্রামে যাদের অনুসরণ করা হয়, তাদের থ্রেডসেও অনুসরণ করা যায়। কেউ তখনো থ্রেডসে না থাকলে তাকে যোগ দেওয়ার নোটিফিকেশন পাঠানো হয়। এই সংযুক্ত ব্যবস্থাই শুরুতে দ্রুত ব্যবহারকারী পেতে সহায়তা করে।
মেটা নিজেদের বড় প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে থ্রেডসের প্রচার বাড়িয়েছে। জনপ্রিয় থ্রেডস পোস্ট ফেসবুকে দেখানো হয়েছে। ইনস্টাগ্রামেও যুক্ত হয়েছে থ্রেডস পোস্টের আলাদা ক্যারোসেল। পাশাপাশি ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে সরাসরি থ্রেডসে পোস্ট করার সুবিধা দেওয়া হয়েছে। এতে প্ল্যাটফর্মটির ব্যবহার বেড়েছে।
বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান সিমিলারওয়েবের তথ্য বলছে, গত মাসে মোবাইল ডিভাইসে দৈনিক ব্যবহারের দিক থেকে থ্রেডস ইলন মাস্কের এক্সকে ছাড়িয়ে গেছে। তবে ওয়েব প্ল্যাটফর্মে এখনো এগিয়ে রয়েছে এক্স।
ব্যবহারকারীর সংখ্যাও ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২৪ সালের আগস্টে থ্রেডসের মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল ২০ কোটি। ২০২৫ সালের আগস্টে তা বেড়ে দাঁড়ায় ৪০ কোটিতে। গত অক্টোবরে মেটা জানায়, থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ১৫ কোটিতে পৌঁছেছে।
নতুন স্টোরি শেয়ার সুবিধা থ্রেডসকে আরও সক্রিয় করে তুলবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে ইনস্টাগ্রামের বিপুল ব্যবহারকারীভিত্তি থেকে নতুনদের টানতে এই কৌশল কার্যকর হবে বলে আশা মেটার।
সূত্র : টেকক্রাঞ্চ