অ্যাপল আনছে স্মার্ট চশমা ও ক্যামেরাযুক্ত এয়ারপডস

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৬

অ্যাপল আনছে স্মার্ট চশমা ও ক্যামেরাযুক্ত এয়ারপডস
ছবি : দ্য হ্যান্স ইন্ডিয়া

অ্যাপল কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর নতুন ডিভাইস নিয়ে কাজ ত্বরান্বিত করছে। এর মধ্যে রয়েছে স্মার্ট চশমা, একটি পেনড্যান্ট এবং ক্যামেরাযুক্ত এয়ারপডস। সব ডিভাইসই আইফোনের সঙ্গে সংযুক্ত হয়ে ব্যবহারকারীর চারপাশের পরিবেশ বুঝে সিরির মাধ্যমে কাজ সম্পন্ন করবে।

এনডি টিভিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্ট চশমায় উচ্চ রেজ্যুলেশনের ক্যামেরা থাকবে। ব্যবহারকারী ফোন কল করতে পারবেন, গান শুনতে পারবেন এবং সিরির সঙ্গে কথা বলেও নানা কাজ করতে পারবেন। চশমা আশপাশের পরিবেশ বিশ্লেষণ করে তথ্য প্রদানে সক্ষম হবে। যেমন খাবারের উপাদান বা গুরুত্বপূর্ণ স্থান চিহ্নিত করতে পারবে। প্রাথমিক প্রোটোটাইপে চশমা ব্যাটারি প্যাক ও আইফোনের সঙ্গে কেবল দিয়ে সংযুক্ত ছিল, কিন্তু নতুন সংস্করণে সব যন্ত্রাংশ ফ্রেমের ভিতরেই সংযুক্ত।

অ্যাপলের এআই‑চালিত পেনড্যান্ট ও ক্যামেরাযুক্ত এয়ারপডসও একইভাবে কাজ করবে। এসব ডিভাইস ব্যবহারকারীর চারপাশের ভিজ্যুয়াল কনটেক্সট বোঝে সিরিকে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সাহায্য করবে। পেনড্যান্ট ও এয়ারপডস তুলনামূলকভাবে সরল, কম রেজোলিউশনের ক্যামেরা ব্যবহার করবে, যাতে এআই কাজ করতে পারে, ছবি বা ভিডিও নেওয়ার জন্য নয়।

অ্যাপল প্রথম স্মার্ট চশমা ২০২৭ সালে বাজারে আনতে পারে। উৎপাদন শুরু হতে পারে চলতি বছরের ডিসেম্বর থেকে। এটি মেটার ক্যামেরা সংবলিত স্মার্ট চশমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। অ্যাপল নিজস্ব ফ্রেম নকশা তৈরি করে উচ্চমানের নির্মাণশৈলী এবং উন্নত ক্যামেরা প্রযুক্তি দিয়ে আলাদা পরিচিতি গড়তে চাইছে।

চশমায় দুটি ক্যামেরা থাকবে। একটি ছবি তোলার জন্য এবং অন্যটি কম্পিউটার ভিশন প্রযুক্তির জন্য, যা ব্যবহারকারীর চারপাশের পরিবেশ বোঝার কাজ করবে। ডিভাইসটির ইন্টারফেসে ডিসপ্লে থাকবে না, বরং স্পিকার, মাইক্রোফোন এবং ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারী ফোন কল, সিরি এবং অন্যান্য কাজ করতে পারবেন।

অ্যাপলের লক্ষ্য হচ্ছে নতুন এআই‑চালিত ওয়্যারেবল ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীদের অ্যাপল ইকোসিস্টেমে আরও বেশি সংযুক্ত রাখা। এছাড়া এই ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর চারপাশের তথ্য বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সহজ হবে।

সূত্র : এনডি টিভি

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন