যে ফিচার বন্ধ করতে যাচ্ছে ফেসবুক

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১৬:০৬

যে ফিচার বন্ধ করতে যাচ্ছে ফেসবুক

ফেসবুকে কনটেন্টের পারফরম্যান্স পরিমাপের পরিচিত মেট্রিক ‘রিচ’ আগামী ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে। এর পরিবর্তে কনটেন্ট কতটি অ্যাকাউন্ট দেখেছে, তা পরিমাপের জন্য ‘ভিউয়ারস’ মেট্রিক ব্যবহার করা হবে। ফলে ফেসবুক পেজ পরিচালকদের কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।

ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে। এত দিন নির্দিষ্ট সময়ে কোনো কনটেন্ট কতটি অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা পরিমাপ করতে ‘রিচ’ মেট্রিক ব্যবহার করা হতো। তবে ২০২৬ সালের ৩১ অক্টোবর থেকে মেট্রিকটি আর পাওয়া যাবে না।

এর পরিবর্তে ‘ভিউয়ারস’ মেট্রিকের মাধ্যমে কনটেন্টের দর্শকসংখ্যা পরিমাপ করা যাবে। ছবি, ভিডিও ও রিলসসহ বিভিন্ন ধরনের কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণে এটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

এ পরিবর্তনের ফলে সংবাদমাধ্যম, ব্যবসাপ্রতিষ্ঠান, কনটেন্ট নির্মাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের কনটেন্টের কার্যকারিতা মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। এত দিন ‘রিচ’ মেট্রিকের মাধ্যমে কোনো পোস্ট কতটি অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে, তা বোঝা যেত। নতুন ব্যবস্থায় কনটেন্টের দর্শকসংখ্যা জানতে ‘ভিউয়ারস’ মেট্রিকের ওপর গুরুত্ব দিতে হবে।

তবে ‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতি এক কি না, তা স্পষ্ট না হলে পুরোনো পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের সরাসরি তুলনা করা কঠিন হতে পারে। তাই ফেসবুক পেজ পরিচালকদের পুরোনো প্রতিবেদন সংরক্ষণ করার পাশাপাশি নতুন মেট্রিকের হিসাবের পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন