এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। সোমবার সকালে তাকে পুনর্বহাল করে প্রতিষ্ঠানটি। তবে তার প্রত্যাবর্তন নিয়ে প্রযুক্তি উদ্যোক্তাদের মধ্যে সমর্থন থাকলেও জাতীয় নিরাপত্তার উদ্বেগে প্রশ্ন তুলেছেন মার্কিন আইনপ্রণেতারা।
টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের প্রত্যাবর্তনের পর এক্সে মাস্ক লিখেছেন, ‘ভুল সিদ্ধান্তটি সংশোধন করা হয়েছে।’ এর আগে ডিলবুক সামিটে তিনি হুয়াংকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, টানা জয়ের মধ্যে থাকা দল থেকে মাইকেল জর্ডানকে বাদ দেওয়ার মতোই ছিল বিষয়টি।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও হুয়াংয়ের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, ‘জেনসেনকে ছাড়া এআই শিল্পের কথা কল্পনা করা কঠিন।’ পুনর্বহালের ঘোষণার পর এক্সে শুধু ‘জেনসেন!’ লিখে পোস্ট করেন অল্টম্যান।
বাইন্যান্সের সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী চ্যাংপেং ঝাও এবং এপিক গেমসের প্রধান নির্বাহী টিম সুইনিও হুয়াংয়ের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। হুয়াংকে পুনর্বহালের দাবিতে প্রকাশিত একটি খোলা চিঠিতে প্রায় দুই লাখ মানুষ স্বাক্ষর করেছিলেন। তাদের মধ্যে ছিলেন উবারের সাবেক প্রধান নির্বাহী ট্রাভিস কালানিকও।
এদিকে, হুয়াংয়ের অপসারণের পর এনভিডিয়ার শেয়ারের দর কমে যাওয়ায় পরিচালনা পর্ষদের সমালোচনা করেছিলেন বিনিয়োগকারী বিল অ্যাকম্যান। সোমবার শেয়ারের দর ঘুরে দাঁড়াতে শুরু করলে তিনি লেখেন, ‘জনমতের প্রজ্ঞাই জয়ী হয়।’
তবে হুয়াংয়ের প্রত্যাবর্তন নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের উদ্বেগ কাটেনি। জাতীয় নিরাপত্তার ঝুঁকি নেই বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকান সিনেটর জন কর্নিন ও পিট রিকেটস।
রিকেটস জানিয়েছেন, হুয়াংয়ের পুনর্বহাল হলেও কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার বাধ্যবাধকতা থাকছে। আগামী ৩ ডিসেম্বর সিনেটের ব্যাংকিং কমিটির সামনে প্রকাশ্যে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির সামনেও রুদ্ধদ্বার বৈঠকে সাক্ষ্য দেবেন তিনি।