প্রথমবারের মতো ওপেনএআইয়ের প্রান্তিক আয় ১০ বিলিয়ন ডলার ছাড়াল
প্রথমবারের মতো এক প্রান্তিকে ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। সাম্প্রতিক এআই মডেলগুলোর চাহিদা বাড়ায় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় আগের প্রান্তিকের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে অজ্ঞাতনামা সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে ওপেনএআইয়ের আয় ছিল ৬ দশমিক ৭ বিলিয়ন ডলার। একই সময়ে প্রতিষ্ঠানটির আয় বৃদ্ধির হার ছিল প্রায় ১৮ শতাংশ। তৃতীয় প্রান্তিকে আয় বাড়ার পাশাপাশি সমন্বিত পরিচালন মুনাফার মার্জিনের নেতিবাচক হারও কমেছে। দ্বিতীয় প্রান্তিকের মাইনাস ১৫০ শতাংশ থেকে তৃতীয় প্রান্তিকে তা মাইনাস ১০৯ শতাংশে নেমেছে।
এ বছরের শুরুতে ব্যবসায়িক প্রবৃদ্ধিতে কিছুটা পিছিয়ে পড়লেও ওপেনএআই আবার ঘুরে দাঁড়িয়েছে। বিশেষ করে মূল্য নির্ধারণে পরিবর্তন, ছাড়, উন্নত এআই মডেল এবং ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য পণ্য ও এআই এজেন্ট তৈরিতে বাড়তি মনোযোগ প্রতিষ্ঠানটির আয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
তবে ব্যবসাপ্রতিষ্ঠানের বাজার ধরার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী অ্যানথ্রপিকের চেয়ে পিছিয়ে ছিল ওপেনএআই। অ্যানথ্রপিক জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে তাদের আয় ১৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক আয়ের সম্ভাব্য হারও অক্টোবরের শেষে ৮১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা এক মাস আগের তুলনায় ১০ বিলিয়ন ডলার বেশি।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ওপেনএআইয়ের বার্ষিক আয়ের সম্ভাব্য হার এখন ৫০ বিলিয়ন ডলার। তবে দুই প্রতিষ্ঠান বার্ষিক আয়ের এই হিসাব ভিন্ন পদ্ধতিতে করে। অ্যানথ্রপিক তাদের ক্লাউড অংশীদারদের মাধ্যমে হওয়া বিক্রিও হিসাবে রাখে। অন্যদিকে ওপেনএআই অংশীদারদের মাধ্যমে হওয়া কিছু বিক্রির ক্ষেত্রে শুধু নিজেদের অংশটুকু হিসাব করে।
এদিকে এআই মডেলের বাজারে মেটা, অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের পাশাপাশি চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি কম খরচের ওপেন সোর্স মডেলের সঙ্গেও প্রতিযোগিতা করতে হচ্ছে ওপেনএআইকে।