এআই ডেটা সেন্টার নির্মাণে বাধার মুখে মাইক্রোসফট

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৭:০৩

এআই ডেটা সেন্টার নির্মাণে বাধার মুখে মাইক্রোসফট

নেদারল্যান্ডসের আমস্টারডামে নির্মাণাধীন একটি বিশাল ডেটা সেন্টারে আবারও হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। এক বছরের মধ্যে একই স্থানে এটি দ্বিতীয় হামলার ঘটনা। এতে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো নির্মাণ নিয়ে ইউরোপে বাড়তে থাকা অসন্তোষ নতুন করে সামনে এসেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আমস্টারডামের পশ্চিমাঞ্চলের স্লোটারডাইকে ডেটা সেন্টারটির নির্মাণকাজ চলছে। বিক্ষোভকারীরা নির্মাণস্থলের নিরাপত্তাবেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় কেউ কেউ নির্মাণাধীন ক্রেনেও ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়।

মাইক্রোসফটের নির্মাণস্থলে যেভাবে হামলা

নেদারল্যান্ডসের সংবাদ সংস্থা এএনপির তথ্য অনুযায়ী, পুলিশ প্রথমে বিক্ষোভকারীদের মিছিল আটকে দেয়। পরে আমস্টারডামের মেয়র সমাবেশ নিষিদ্ধের নির্দেশ দিলে বিক্ষোভকারীরা পুলিশের বাধা অতিক্রম করে নির্মাণস্থলের দিকে এগিয়ে যান।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় ১০০ জন নিরাপত্তাবেষ্টনী ভেঙে নির্মাণস্থলে প্রবেশ করেন। সব মিলিয়ে প্রায় ৫০০ বিক্ষোভকারী সেখানে জড়ো হন। স্থানীয় সংবাদমাধ্যম এএন৫ জানিয়েছে, কয়েকজন বিক্ষোভকারী নিরাপত্তাবেষ্টনী কেটে বা ভেঙে ভেতরে ঢোকেন। অন্যরা নির্মাণাধীন একটি ক্রেনে ওঠেন।

এর আগে একই স্থাপনায় অ্যাসিড মিশ্রিত পানির বেলুন ছুড়েছিলেন আন্দোলনকারীরা। দ্য রেজিস্টারের প্রতিবেদন অনুযায়ী, হাইড্রোজেন পারঅক্সাইড, অ্যাসিটিক অ্যাসিড, লবণ ও অ্যাক্রিলিক রঙ মিশিয়ে এসব বেলুন তৈরি করা হয়েছিল। তখন আন্দোলনকারীরা দাবি করেছিলেন, এই মিশ্রণ কংক্রিটের ক্ষতি করে এবং হাইড্রোজেন পারঅক্সাইড ইস্পাতে মরিচা ধরার গতি বাড়ায়।

কেন ডেটা সেন্টারটির বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা

জীবাশ্ম জ্বালানির ব্যবহারবিরোধী সংগঠন গিফ টেগেনগাস প্রকল্পটির নির্মাণকাজ অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, ডেটা সেন্টারটি চালু হলে আমস্টারডামের সব পরিবারের সম্মিলিত বিদ্যুৎ ব্যবহারের সমপরিমাণ বিদ্যুৎ প্রয়োজন হবে। এতে স্থানীয় বিদ্যুৎ সরবরাহব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে।

তাদের আশঙ্কা, প্রকল্পটির বিদ্যুতের চাহিদার কারণে এলাকায় পরিকল্পিত ৩০ হাজার বাড়ি নির্মাণ বাধাগ্রস্ত হতে পারে। প্রকল্পটিতে ৮৫ মিটার উঁচু তিনটি ভবন নির্মাণ করা হচ্ছে। ভবন তিনটি পুরোপুরি মাইক্রোসফটের ব্যবহারের জন্য বরাদ্দ থাকবে।

২০১৬ সালে প্রকল্পটির প্রাথমিক পরিকল্পনা জমা দেওয়া হয়েছিল। এর আগে আমস্টারডাম শহরে নতুন ডেটা সেন্টার নির্মাণে নিষেধাজ্ঞা জারি করা হয়। এদিকে বিক্ষোভকারীদের আয়োজকেরা পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, দেশে শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার থাকলেও পুলিশ তা উপেক্ষা করেছে এবং ডেটা সেন্টার পর্যন্ত মিছিলের পথও সুগম করেনি।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন