ফোর্বসের তালিকায় ২০২৬ সালের সেরা ৬ ভিপিএন
২০২৬ সালে ইন্টারনেট ব্যবহারের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনের ব্যবহার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যবহারকারীর প্রয়োজন, নিরাপত্তাব্যবস্থা, গতি, ডিভাইস সংযোগ ও দামের বিষয় বিবেচনা করে চলতি বছরের সেরা ছয়টি ভিপিএন সেবার তালিকা প্রকাশ করেছে ফোর্বস অ্যাডভাইজর।
ফোর্বস অ্যাডভাইজরের ৯ নভেম্বর হালনাগাদ করা তালিকায় প্রথম স্থানে রয়েছে আইপিভ্যানিশ। এরপর রয়েছে এক্সপ্রেসভিপিএন, নর্ডভিপিএন, টোটাল ভিপিএন, প্রোটন ভিপিএন ও সার্ফশার্ক। প্রতিষ্ঠানটির মূল্যায়নে আইপিভ্যানিশ পেয়েছে ১০-এর মধ্যে ৯ দশমিক ৯, এক্সপ্রেসভিপিএন ৯ দশমিক ৮ এবং নর্ডভিপিএন ৯ দশমিক ৭ নম্বর।
২০২৬ সালের সেরা ছয় ভিপিএন সেবা
১. আইপিভ্যানিশ: তালিকার শীর্ষে থাকা এই সেবায় একাধিক ডিভাইস থেকে একসঙ্গে সংযোগ, স্ট্রিমিং সেবা ব্যবহার এবং ২৪ ঘণ্টা গ্রাহক সহায়তার সুবিধা রয়েছে। দুই বছরের পরিকল্পনায় সর্বোচ্চ ৮৫ শতাংশ ছাড়সহ মাসে ২ দশমিক ১৯ মার্কিন ডলার থেকে সেবাটি ব্যবহার করা যায়।
২. এক্সপ্রেসভিপিএন: ১০৫টি দেশে সার্ভার, সীমাহীন ব্যান্ডউইথ ও দ্রুতগতির সংযোগের সুবিধা রয়েছে এতে। মাসে ২ দশমিক ৪৪ মার্কিন ডলার থেকে সেবাটি ব্যবহার করা যায়।
৩. নর্ডভিপিএন: একসঙ্গে ছয়টি ডিভাইস সংযুক্ত করার সুবিধা রয়েছে। পাশাপাশি বিজ্ঞাপন ও ট্র্যাকার বন্ধ করার পাশাপাশি ম্যালওয়্যার শনাক্ত করতে পারে সেবাটি। মাসিক পরিকল্পনা শুরু ৩ দশমিক ৪৯ মার্কিন ডলার থেকে।
৪. টোটাল ভিপিএন: মাসে ১ দশমিক ৫৯ মার্কিন ডলার থেকে সেবাটি ব্যবহার করা যায়। এতে বিনা মূল্যে অ্যান্টিভাইরাস সুরক্ষা, বিজ্ঞাপন বন্ধ এবং ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে বন্ধ থাকা ওয়েবসাইট ও কনটেন্ট ব্যবহারের সুবিধা রয়েছে।
৫. প্রোটন ভিপিএন: সুইজারল্যান্ডভিত্তিক এই সেবার বিশেষত্ব হলো ব্যবহারকারীর অনলাইন কার্যক্রমের কোনো লগ সংরক্ষণ না করার নীতি। এতে বিজ্ঞাপন বন্ধ ও ম্যালওয়্যার প্রতিরোধের সুবিধাও রয়েছে। মাসে ২ দশমিক ৯৯ মার্কিন ডলার থেকে সেবাটি ব্যবহার করা যায়।
৬. সার্ফশার্ক: একাধিক ডিভাইস থেকে সীমাহীন সংযোগের সুবিধা রয়েছে এতে। প্রতিষ্ঠানটির সার্ভারগুলো ১০ গিগাবিট গতির সংযোগ সমর্থন করে। পাশাপাশি শক্তিশালী এনক্রিপশন ও ব্যবহারকারীর কার্যক্রম অনুসরণ না করার নীতি রয়েছে।
ভিপিএন কী?
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন এমন একটি সেবা, যা ইন্টারনেট ব্যবহারের সময় ব্যবহারকারীর তথ্য এনক্রিপ্ট করে এবং আইপি ঠিকানা আড়াল করে। ফলে ব্যবহারকারীর অনলাইন কার্যক্রম ও প্রকৃত অবস্থান শনাক্ত করা অন্যদের জন্য কঠিন হয়ে পড়ে।

ভিপিএন কীভাবে কাজ করে?
ভিপিএন ব্যবহারকারীর ডিভাইসের ইন্টারনেট সংযোগ সরাসরি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের সার্ভারে না পাঠিয়ে একটি ব্যক্তিগত সার্ভারের মধ্য দিয়ে পরিচালনা করে। এই প্রক্রিয়ায় তথ্য এনক্রিপ্ট করা হয় এবং বাইরের পক্ষ সাধারণত ব্যবহারকারীর প্রকৃত আইপি ঠিকানার বদলে ভিপিএন সার্ভারের ঠিকানা দেখতে পায়।
ভিপিএন ব্যবহারের পাঁচটি কারণ
১. ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের নজরদারি থেকে তথ্য সুরক্ষা
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ব্যবহারকারীর অনলাইন কার্যক্রম, যেমন কোন ওয়েবসাইটে প্রবেশ করছেন বা কতক্ষণ সেখানে থাকছেন, তা জানতে পারে। ভিপিএন ব্যবহার করলে এসব তথ্য এনক্রিপ্ট থাকায় ব্যবহারকারীর অনলাইন কার্যক্রম সম্পর্কে তাদের পক্ষে জানা কঠিন হয়।
২. পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে নিরাপত্তা
বিমানবন্দর, রেস্তোরাঁ বা শপিং মলের উন্মুক্ত ওয়াই-ফাই নেটওয়ার্কে তথ্য চুরির ঝুঁকি থাকে। ভিপিএন সংযোগ ব্যবহারকারীর তথ্য এনক্রিপ্ট করে, ফলে একই নেটওয়ার্কে থাকা সাইবার অপরাধীদের পক্ষে সেই তথ্য হাতিয়ে নেওয়া কঠিন হয়।
৩. বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষা
অনেক প্রতিষ্ঠান গ্রাহকদের বিনা মূল্যে ওয়াই-ফাই ও বিশেষ সুবিধা দিতে বিভিন্ন অ্যাপ ব্যবহারে উৎসাহিত করে। এসব সেবার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো গ্রাহকের তথ্য সংগ্রহ করতে পারে। ভিপিএন ব্যবহার করলে ইন্টারনেট সংযোগের তথ্য এনক্রিপ্ট থাকে, যা ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় সহায়তা করে।
৪. প্রতিষ্ঠানের গোপন তথ্য সুরক্ষা
দূর থেকে বা বাসায় বসে কাজ করার ক্ষেত্রে কর্মীদের প্রতিষ্ঠানের সার্ভারে প্রবেশ করতে হয়। অনিরাপদ ইন্টারনেট সংযোগের কারণে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকিতে পড়তে পারে। কর্মীদের ভিপিএন ব্যবহারের সুযোগ দিলে প্রতিষ্ঠানের ফাইল ও প্রকল্পের তথ্য সুরক্ষিত রাখা সহজ হয়।
৫. সীমাবদ্ধ কনটেন্ট ব্যবহারের সুযোগ
কোনো কোনো দেশে রাজনৈতিক বা অন্যান্য কারণে নির্দিষ্ট ওয়েবসাইট বন্ধ রাখা হয়। ভিপিএন ব্যবহার করে অন্য দেশের সার্ভারের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হলে এসব ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হতে পারে। একইভাবে নেটফ্লিক্স ও হুলুর মতো স্ট্রিমিং সেবায় দেশভেদে ভিন্ন কনটেন্ট দেখার সুযোগও পাওয়া যায়।
ভিপিএন ব্যবহারের পদ্ধতি
বর্তমানে অধিকাংশ ভিপিএন সেবা ব্যবহার করা সহজ। প্রথমে সেবাদাতা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে কম্পিউটার বা স্মার্টফোনে সংশ্লিষ্ট অ্যাপ ইনস্টল করতে হয়। এরপর অ্যাকাউন্টে প্রবেশ করে তালিকা থেকে পছন্দের দেশের সার্ভার নির্বাচন করলেই সংযোগ চালু হবে। সংযোগ নিশ্চিত হওয়ার পর স্বাভাবিকভাবেই ইন্টারনেট ব্যবহার করা যায়। অ্যাপের মাধ্যমে যেকোনো সময় সংযোগ বিচ্ছিন্ন করা বা সার্ভার পরিবর্তন করা সম্ভব।
