স্বাস্থ্যসেবার জন্য গুগলের বিশেষ এআই প্ল্যাটফর্ম
স্বাস্থ্যসেবার বিভিন্ন কার্যক্রম সহজ ও দ্রুত করতে ‘জেমিনি ফর হেলথকেয়ার’ নামে নতুন এআই প্ল্যাটফর্ম চালু করেছে গুগল ক্লাউড। এজেন্টিক এআই প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্ম চিকিৎসাসেবা, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রমের মধ্যে সমন্বয় তৈরি করবে। এর মাধ্যমে হাসপাতাল ও স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠানগুলো জটিল কাজ আরও সহজে পরিচালনা করতে পারবে।
১০ নভেম্বর থেকে প্রিভিউ সংস্করণে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে প্ল্যাটফর্মটি। ফিয়ার্স হেলথকেয়ারের প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসক ও স্বাস্থ্যবিমা খাতের নেতাদের সঙ্গে কাজ করে এটি তৈরি করেছে গুগল। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যতথ্য সুরক্ষা আইন এইচআইপিএএ মেনে কাজ করার উপযোগী করেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।
গুগল ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস কুরিয়ান বলেন, স্বাস্থ্যসেবা খাতের মূল সমস্যা তথ্যের অভাব নয়, বরং কঠোর নিয়ন্ত্রণব্যবস্থার মধ্যে বিভিন্ন উৎসের তথ্য কার্যকরভাবে কাজে লাগানোর জটিলতা। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কাজ করে এসব বাধা দূর করার লক্ষ্যেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।
প্ল্যাটফর্মটিতে চারটি প্রধান সুবিধা রয়েছে। এগুলো হলো স্বাস্থ্যসেবার কাজের উপযোগী এআই দক্ষতা, বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে সংযোগ, স্বাস্থ্যসেবা খাতের অংশীদারদের জন্য উন্মুক্ত ইকোসিস্টেম এবং নিরাপদ ও নিয়ন্ত্রিত এআই প্ল্যাটফর্ম। এতে কোন এআই মডেল ব্যবহার করা হবে, সে বিষয়ে প্রতিষ্ঠানগুলো নিজেদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে।
জেমিনি ফর হেলথকেয়ার ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড, বিলিং ব্যবস্থা, নিরাপত্তা ও নীতিমালা মেনে চলার প্ল্যাটফর্ম, চিকিৎসাসংক্রান্ত নির্দেশিকা, রোগ নির্ণয়ের কোডিং ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের মেডিকেয়ার ও মেডিকেইড সার্ভিসেস কেন্দ্রের তথ্যভান্ডারের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবে।
গুগল জানিয়েছে, জেমিনি এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড ও জেমিনি এন্টারপ্রাইজ প্লাস গ্রাহকেরা প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারবেন। এর মূল্য নির্ধারণে প্রতি ব্যবহারকারীর সাবস্ক্রিপশন অথবা ব্যবহারের পরিমাণ অনুযায়ী অর্থ পরিশোধের সুযোগ রাখা হয়েছে।
প্ল্যাটফর্মটি চালুর অংশীদার হয়েছে গুডআরএক্স, এপিক, আইএমও হেলথ, ওরাকল হেলথ, ইনফিনিটাস ও সুকিসহ বিভিন্ন প্রতিষ্ঠান। এ ছাড়া এইচসিএ হেলথকেয়ার, নর্থওয়েল হেলথ, ব্লু ক্রস ব্লু শিল্ড অব ম্যাসাচুসেটস, আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজি ও হাইমার্ক হেলথও গুগলের সঙ্গে কাজ করছে।
এইচসিএ হেলথকেয়ারের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান ক্লিনিক্যাল কর্মকর্তা মাইকেল শ্লোসার বলেন, বিভিন্ন ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড ব্যবস্থা থেকে রোগীর জটিল তথ্য বিশ্লেষণ ও সমন্বয়ের মাধ্যমে চিকিৎসকদের রোগীর সামগ্রিক স্বাস্থ্য ইতিহাস বুঝতে সহায়তা করতে পারে জেমিনি। এতে তথ্য সংগ্রহে কম সময় ব্যয় করে চিকিৎসকেরা রোগীর সেবায় বেশি মনোযোগ দিতে পারবেন।