সাইবার দুর্বলতা শনাক্তে ওপেনএআইয়ের নতুন উদ্যোগ
সাইবার নিরাপত্তার দুর্বলতা শনাক্ত ও সেগুলো কাজে লাগিয়ে সম্ভাব্য হামলার কৌশল পরীক্ষা করতে সক্ষম নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘জিপিটি-৬ সাইবার’ পরীক্ষামূলকভাবে চালু করেছে ওপেনএআই। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে মডেলটির সক্ষমতা ও সম্ভাব্য অপব্যবহারের ঝুঁকি বিবেচনায় একে ‘ক্রিটিক্যাল’ বা সংকটজনক পর্যায়ে শ্রেণিবদ্ধ করেছে প্রতিষ্ঠানটি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইয়ের নিরাপত্তা মূল্যায়নে আগের সংস্করণ জিপিটি-৫.৬ সাইবারের ঝুঁকির মাত্রা ছিল ‘হাই’ বা উচ্চ। নতুন মডেলটির ক্ষেত্রে তা বাড়িয়ে ‘ক্রিটিক্যাল’ করা হয়েছে। এর অর্থ, মডেলটি সাইবার নিরাপত্তার জটিল দুর্বলতা শনাক্ত ও কাজে লাগানোর ক্ষেত্রে আরও উন্নত সক্ষমতা অর্জন করেছে। একই সঙ্গে এর অপব্যবহারের ঝুঁকি মোকাবিলায় বাড়তি সতর্কতা প্রয়োজন।
ওপেনএআইয়ের দাবি, সাইবার নিরাপত্তা গবেষকদের কাজের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে মডেলটি। এর মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার ও কম্পিউটার ব্যবস্থার নিরাপত্তাত্রুটি শনাক্ত করার পাশাপাশি সেসব দুর্বলতা ব্যবহার করে সম্ভাব্য হামলার কৌশল পরীক্ষা করা যাবে। ফলে সাইবার অপরাধীরা সুযোগ নেওয়ার আগেই দুর্বলতা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
মডেলটির সক্ষমতা তুলে ধরতে কয়েকটি সাফল্যের তথ্য প্রকাশ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির গবেষকেরা জিপিটি-৬ সাইবার ব্যবহার করে মোজিলা ফায়ারফক্স ব্রাউজারের কয়েকটি নিরাপত্তাত্রুটি শনাক্ত করেছেন। মোজিলা এসব ত্রুটিকে উচ্চঝুঁকির হিসেবে চিহ্নিত করেছে। ইতোমধ্যে সেগুলো সমাধানে হালনাগাদ সংস্করণ প্রকাশের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া লিনাক্স কার্নেলের রক্ষণাবেক্ষণকারীদের কাছে ৩০৪টি গুরুতর নিরাপত্তাত্রুটির তথ্য প্রকাশ করেছে ওপেনএআই। এসব ত্রুটি সমাধানে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের প্রস্তাবও দেওয়া হয়েছে। এক্সপ্লয়েট হলো বিশেষ কোড বা পদ্ধতি, যার মাধ্যমে কোনো সফটওয়্যার বা কম্পিউটার ব্যবস্থার নিরাপত্তাত্রুটি কাজে লাগানো যায়।
প্রাথমিকভাবে ওপেনএআইয়ের ‘ডেব্রেক রেড’ কর্মসূচির আওতায় নির্বাচিত গ্রাহকেরা মডেলটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। উন্নত ও অনুমোদিত সাইবার নিরাপত্তা কার্যক্রম পরিচালনাকারীদের জন্য এই কর্মসূচি চালু করা হয়েছে। এর আওতায় কম্পিউটার ব্যবস্থার নিরাপত্তা যাচাই, দুর্বলতা শনাক্ত এবং সেগুলো কাজে লাগানোর সম্ভাব্য পদ্ধতি পরীক্ষা করা যায়।