নোটবুকএলএমের নতুন পরিচয় ‘জেমিনি নোটবুক’

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৪

নোটবুকএলএমের নতুন পরিচয় ‘জেমিনি নোটবুক’

গুগলের এআইভিত্তিক গবেষণা ও পড়াশোনার প্ল্যাটফর্ম নোটবুকএলএম এখন থেকে ‘জেমিনি নোটবুক’ নামে পরিচিত। গত জুলাইয়ে নোটবুকএলএমের নাম পরিবর্তনের ঘোষণা দেয় গুগল। নাম বদলালেও এটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম হিসেবে থাকছে এবং গুগলের জেমিনি সেবার সঙ্গে আরও বেশি যুক্ত হচ্ছে।

গুগলের তথ্য অনুযায়ী, নোটবুকএলএম ২০২৩ সালে চালুর পর থেকে গবেষণা, পড়াশোনা ও বিভিন্ন তথ্য বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়ে আসছে। নতুন নামে জেমিনি নোটবুক এখন জেমিনি অ্যাপ ও ভবিষ্যতে গুগল সার্চের এআই মোডের সঙ্গেও যুক্ত হবে।

সম্প্রতি জেমিনি নোটবুকে বেশ কিছু নতুন সুবিধা যোগ করছে গুগল। এর মধ্যে অন্যতম হলো প্রায় ১০০ ভাষায় নোটবুকের সঙ্গে তাৎক্ষণিক কণ্ঠস্বরের কথোপকথন। অ্যান্ড্রয়েড ও আইফোনের অ্যাপে ব্যবহারকারীরা নোটবুকের তথ্যভিত্তিক প্রশ্ন করতে, ধাপে ধাপে নির্দেশনা নিতে এবং এআই কথা বলার সময়ই তাকে থামিয়ে নতুন প্রশ্ন করতে পারবেন।

মোবাইল অ্যাপেই বক্তৃতা ও নিজের চিন্তার কথা রেকর্ড করার সুবিধাও আসছে। রেকর্ড করা তথ্য ব্যবহারকারীর নোট ও উৎসের সঙ্গে রাখা যাবে, ফলে পরে সেগুলো নিয়ে আলোচনা, উদ্ধৃতি বা নতুন উপকরণ তৈরি করা সম্ভব হবে।

পড়াশোনার জন্য ‘ইন্টার‌্যাকটিভ লার্নিং ওভারভিউ’ সুবিধাও যোগ করছে গুগল। এতে বিভিন্ন উৎসের তথ্যের সারাংশের সঙ্গে ইনফোগ্রাফিক, কুইজ ও ফ্ল্যাশকার্ড একসঙ্গে তৈরি করা যাবে। নতুন কুইজে সংক্ষিপ্ত উত্তর, একাধিক উত্তর নির্বাচন এবং শূন্যস্থান পূরণের মতো ধরনও যুক্ত হচ্ছে।

এ ছাড়া ১০০টির বেশি ভাষায় প্রায় ৬০ সেকেন্ডের ‘শর্ট ভিডিও ওভারভিউ’ তৈরি করা যাবে। এসব ভিডিওতে সংক্ষিপ্ত বর্ণনার সঙ্গে শিক্ষামূলক অ্যানিমেশন থাকবে, যা জটিল সূত্র, চিত্র বা বৈজ্ঞানিক বিষয় বোঝাতে সহায়তা করবে।

গুগল জানিয়েছে, জেমিনি নোটবুকের নতুন কণ্ঠস্বরের কথোপকথন সুবিধা প্রথমে গুগল এআই আল্ট্রা গ্রাহকদের জন্য চালু হচ্ছে। এরপর গুগল এআই প্রোসহ অন্য ব্যবহারকারীদের জন্যও সুবিধাটি চালু করা হবে।

জুলাইয়ে নাম পরিবর্তনের সময় গুগল জানিয়েছিল, জেমিনি নোটবুকের প্রতিটি নোটবুকের জন্য নিরাপদ ক্লাউড কম্পিউটার সুবিধাও চালু করা হচ্ছে। এর মাধ্যমে উৎসভিত্তিক তথ্য বিশ্লেষণের পাশাপাশি কোড লেখা ও চালানোর মতো কাজও করা যাবে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন