এআই শিল্প কি সত্যিই গতি কমাতে প্রস্তুত?
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের গতি কমানো ও নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রযুক্তি শিল্পে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অ্যানথ্রপিকের সিইও দারিও অ্যামোডেই এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণে একটি পরিকল্পনা প্রকাশের পর এ নিয়ে মতবিরোধও স্পষ্ট হয়েছে।
টেকক্রাঞ্চের ‘ইকুইটি’ পডকাস্টে বিষয়টি নিয়ে আলোচনা করেন মার্কিন প্রযুক্তি সাংবাদিক ও সম্পাদক অ্যান্থনি হা এবং সাংবাদিক কার্স্টেন কোরোসেক ও শন ও’কেইন। তাদের মতে, এআই প্রতিষ্ঠানগুলো গতি নিয়ন্ত্রণের কথা বললেও বাস্তবে তা কীভাবে কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়।
অ্যামোডেইয়ের পরিকল্পনায় এআই নিরাপত্তা পর্যবেক্ষণে স্বাধীন তৃতীয় পক্ষের মূল্যায়নকারী নিয়োগের পাশাপাশি গণতান্ত্রিক দেশগুলোর বড় এআই প্রতিষ্ঠানের মধ্যে নিরাপত্তা মান নির্ধারণে সমন্বয় ও আন্তর্জাতিক সহযোগিতার প্রস্তাব রয়েছে।
শন ও’কেইনের মতে, এসব প্রস্তাবে গতি কমানোর নির্দিষ্ট কাঠামো নেই। এআই প্রতিষ্ঠানগুলোর বর্তমান ব্যবসায়িক কাঠামোও দ্রুত উন্নয়ন থামানোর সঙ্গে সহজে সামঞ্জস্যপূর্ণ নয়।
অ্যান্থনি হা বলেন, ‘এআই নিরাপত্তা নিয়ে কাজ করা অনেকেই অ্যামোডেইয়ের পরিকল্পনাকে দ্রুত সমর্থন করেছেন। তবে এই ঐকমত্য সত্যিই এআই উন্নয়নের গতি কমানোর বড় পদক্ষেপে রূপ নেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।’
আলোচনায় এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের অবস্থানও উঠে আসে। তিনি এআই উন্নয়নে গতি কমানোর বিরোধিতা করেছেন। কোরোসেক বলেন, বড় এআই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নিরাপত্তা নিয়ে সমন্বয় একদিকে ঐকমত্য তৈরি করতে পারে, আবার শিল্পের মধ্যে অতিরিক্ত সমন্বয়ের প্রশ্নও তুলতে পারে।

মুক্তবাজার ও বিদ্যমান নিয়ন্ত্রণব্যবস্থা এআই নিরাপত্তা নিশ্চিত করতে পারবে কি না, সে বিষয়েও প্রশ্ন রয়েছে। ও’কেইনের মতে, বড় প্রতিষ্ঠানগুলো এআই সেবা ব্যবহার করায় কোনো একটি কোম্পানির কর্মকাণ্ডে অসন্তুষ্ট হয়ে সহজে অন্য সেবায় চলে যাওয়া সব সময় সম্ভব নয়। বিপুল বিনিয়োগও প্রতিষ্ঠানগুলোকে সম্ভাব্য ক্ষতি সামলে নেওয়ার সুযোগ দিচ্ছে।
ফলে এআই নিরাপত্তা ও উন্নয়নের গতি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা বাড়লেও প্রস্তাবগুলো বাস্তবে কতটা কার্যকর হবে, তা এখনো অনিশ্চিত।