এখন থেকে বিআরটিসির মহিলা বাসে ই-টিকিটিং সেবা দেবে সহজ
নারী যাত্রীদের জন্য গণপরিবহনব্যবস্থাকে আরও সহজ, সুশৃঙ্খল ও প্রযুক্তিনির্ভর করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস’ বা ‘পিংক বাস’ সেবায় ই-টিকিটিং চালু করেছে সহজ লিমিটেড। এ উদ্যোগের আওতায় ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় চলাচলকারী মোট ১৪টি মহিলা বাসে পিওএস (POS) মেশিনের মাধ্যমে ই-টিকিটিং সেবা দেওয়া শুরু হয়েছে।
সম্প্রতি তেজগাঁও বিআরটিসি বাস ডিপোতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর ফলে নারী যাত্রীরা বাসে ওঠার পর পিওএস মেশিনের মাধ্যমে দ্রুত ও সহজে ই-টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থা টিকিটিং প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করার পাশাপাশি যাত্রীসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে।
এ উদ্যোগে ই-টিকিটিং অংশীদার হিসেবে সহজ লিমিটেড প্রযুক্তিগত সমাধান ও বাস্তবায়নে সহযোগিতা করছে। কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহজের সংশ্লিষ্ট দল বিআরটিসির ডিপোগুলোতে সরাসরি উপস্থিত থেকে মহিলা বাসের কন্ডাক্টরদের পিওএস মেশিন ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণে পিওএস মেশিন পরিচালনা, ই-টিকিট ইস্যু এবং টিকিটিং-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে কন্ডাক্টরদের ধারণা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা। এ সময় বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
বিআরটিসির বাসে সহজের ই-টিকিটিং উদ্যোগ নারী যাত্রীদের জন্য গণপরিবহনব্যবস্থায় প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের একটি পদক্ষেপ। বিশেষ করে পিওএস-ভিত্তিক ই-টিকিটিংয়ের মাধ্যমে টিকিট সংগ্রহের প্রক্রিয়া আরও দ্রুত ও সংগঠিত হওয়ার পাশাপাশি যাত্রীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তৈরি হবে।
ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার মোট ১৪টি মহিলা বাসে এ সেবা চালুর মাধ্যমে পর্যায়ক্রমে গণপরিবহনব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার সুযোগ তৈরি হয়েছে। সহজের এ টিকিটিং সুবিধা ভবিষ্যতে দেশের গণপরিবহন খাতে প্রযুক্তিনির্ভর ও যাত্রীকেন্দ্রিক সেবা চালুর পথকে আরও সুগম করবে।