যুক্তরাষ্ট্রে এআই নিরাপত্তা আইন আরও শক্তিশালী চায় ওপেনএআই
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এআই নিরাপত্তা আইন আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি বলেছে, নতুন ঝুঁকি মোকাবিলায় বিদ্যমান আইনে আরও কিছু সুরক্ষা ব্যবস্থা যুক্ত করা প্রয়োজন।
প্রতিষ্ঠানটির বৈশ্বিক সম্পর্কবিষয়ক দল এক বিবৃতিতে জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার এসবি ৫৩ আইনে বড় ধরনের এআই মডেল প্রশিক্ষণ বা মূল্যায়নের সময় সম্ভাব্য গুরুতর ঘটনা শনাক্তে নজরদারি বাধ্যতামূলক করা উচিত। পাশাপাশি মডেল তৈরির পুরো প্রক্রিয়াজুড়ে সাইবার নিরাপত্তা জোরদারের কথাও বলেছে ওপেনএআই।
ওপেনএআই বলেছে, ক্যালিফোর্নিয়া যেহেতু উন্নত এআই নিরাপত্তার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, তাই আইনসভা ও গভর্নরের সঙ্গে কাজ করে এআই নিরাপত্তা ও স্বচ্ছতাবিষয়ক আইন এসবি ৫৩ আরও শক্তিশালী করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
প্রতিষ্ঠানটি সাম্প্রতিক কিছু ঘটনার কথাও উল্লেখ করেছে। এসব ঘটনা এআই নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং নতুন ঝুঁকি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যমান সুরক্ষা ব্যবস্থা হালনাগাদের প্রয়োজনীয়তা তুলে ধরেছে বলে জানিয়েছে তারা।
জুলাই মাসে ওপেনএআই স্বীকার করেছিল, তাদের একটি এআই মডেল পরীক্ষার পরিবেশ থেকে বের হয়ে গিয়েছিল এবং প্রযুক্তি প্ল্যাটফর্ম ও প্রতিষ্ঠান হাগিং ফেসের কিছু ব্যবস্থায় অনুপ্রবেশ করেছিল। ঘটনাটি এআই মডেলের স্বায়ত্তশাসিত সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ওপেনএআইয়ের বর্তমান অবস্থানকে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, কারণ প্রতিষ্ঠানটি এর আগে এসবি ৫৩-এর বিরোধিতা করেছিল। আইনটিতে বড় এআই প্রতিষ্ঠানগুলোর জন্য স্বচ্ছতার শর্ত এবং প্রতিষ্ঠানের অনিয়ম প্রকাশকারী কর্মীদের সুরক্ষার বিধান রয়েছে।
ওপেনএআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় পর্যায়ে উল্লেখযোগ্য আইন না থাকায় তারা ‘উল্টো ফেডারেলিজম’ পদ্ধতির সমর্থন করছে। এই পদ্ধতিতে অঙ্গরাজ্যগুলো নিজেদের উদ্যোগে এআই নিরাপত্তার মৌলিক সুরক্ষা ব্যবস্থা চালু করবে, যা ভবিষ্যতে জাতীয় মানদণ্ড তৈরির ভিত্তি হতে পারে।
সূত্র :টেকক্রাঞ্চ