সাত বছর পর অ্যাপল ওয়াচে ফিরছে সিরামিক
সাত বছর পর আবারও অ্যাপল ওয়াচে সিরামিক কেসিং ফিরতে পারে। আগামী মাসে সম্ভাব্য অ্যাপল ওয়াচ সিরিজ ১২ উন্মোচনের সময় এই প্রিমিয়াম সংস্করণ দেখা যেতে পারে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সিনেট
ব্লুমবার্গের মার্ক গারম্যানও এর আগে জানিয়েছিলেন, অ্যাপল ২০২৬ বা ২০২৭ সালে সিরামিক কেসিং ফিরিয়ে আনার কথা ভাবছে।
অ্যাপল ২০১৬ সালে ওয়াচ সিরিজ ২-এর সঙ্গে প্রথম সিরামিক সংস্করণ আনে। পরের বছর সিরিজ ৩-এ ধূসর রঙের সংস্করণ এবং ২০১৯ সালে সিরিজ ৫-এ আবার সাদা সিরামিক সংস্করণ বাজারে আসে। এরপর ২০২০ সালে সিরিজ ৬ উন্মোচনের পর থেকে অ্যাপল ওয়াচে সিরামিক আর দেখা যায়নি।
সিরামিক কেসিং তৈরিতে জিরকোনিয়া ও অ্যালুমিনা ব্যবহার করেছিল অ্যাপল। প্রতিষ্ঠানটির দাবি ছিল, এই উপাদান স্টেইনলেস স্টিলের তুলনায় প্রায় চার গুণ বেশি শক্ত এবং আঁচড় প্রতিরোধে সক্ষম।
আগের সিরামিক মডেলগুলো ছিল অ্যাপলের প্রিমিয়াম সংস্করণ। ২০১৯ সালের সিরামিক অ্যাপল ওয়াচের দাম শুরু হয়েছিল ১ হাজার ২শ’ ৯৯ ডলার থেকে। নতুন সংস্করণের দাম কত হবে, তা এখনো জানা যায়নি।
অ্যাপল এখনো সিরামিক সংস্করণের খবর নিশ্চিত করেনি। তবে তথ্য ফাঁসকারীর দাবি ও গারম্যানের আগের প্রতিবেদনের মিল থাকায় সিরিজ ১২-তে এই সংস্করণ ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে। সিরিজ ১২-এর সঙ্গে অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪ ও আইফোন ১৮ প্রো সিরিজও সেপ্টেম্বরের সম্ভাব্য অনুষ্ঠানে উন্মোচিত হতে পারে।