অফিসের কাজে চ্যাটজিপিটির ৫ স্মার্ট প্রম্পট ধারণা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১৭:৫১

অফিসের কাজে চ্যাটজিপিটির ৫ স্মার্ট প্রম্পট ধারণা

কর্মদিবসের বড় একটি অংশ ই-মেইল খোঁজা, মিটিংয়ের প্রস্তুতি, তথ্য গুছানো বা অসমাপ্ত কাজ অনুসরণের মতো সহায়ক কাজে ব্যয় হয়। এসব কাজ দ্রুত করতে চ্যাটজিপিটির নতুন সেবা ‘চ্যাটজিপিটি ওয়ার্ক’ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, ১ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী ইতোমধ্যে চ্যাটজিপিটি ওয়ার্ক ও কোডেক্স ব্যবহার করছেন। শুধু প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে এখন অনেকেই এসব সেবার মাধ্যমে বিভিন্ন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করছেন।

দিনের কাজ গুছিয়ে নিতে

চ্যাটজিপিটিকে ই-মেইল, ক্যালেন্ডার, অপঠিত বার্তা ও খোলা কাজগুলো পর্যালোচনা করতে বলা যেতে পারে। এরপর কোন কাজ জরুরি, কোন সিদ্ধান্ত অপেক্ষায় আছে এবং দিনের জন্য কী পরিকল্পনা হওয়া উচিত, তার সংক্ষিপ্ত বিবরণ দিতে বলা যায়।

সাপ্তাহিক প্রতিবেদন তৈরিতে

সপ্তাহজুড়ে হওয়া ই-মেইল, বার্তা, মিটিং নোট ও প্রকল্পের তথ্য বিশ্লেষণ করে কী কাজ সম্পন্ন হয়েছে, কোনগুলো চলমান রয়েছে, কী বাধা আছে এবং পরের সপ্তাহের অগ্রাধিকার কী হওয়া উচিত, তা সংক্ষেপে তৈরি করে দিতে পারে চ্যাটজিপিটি।

জটিল স্প্রেডশিট বিশ্লেষণে

স্প্রেডশিটে থাকা ডুপ্লিকেট তথ্য, অসম্পূর্ণ ঘর, ভুল সূত্র বা অস্বাভাবিক তথ্য শনাক্ত করতে চ্যাটজিপিটি ব্যবহার করা যায়। পাশাপাশি সংশোধনের ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ প্রবণতা ও সারসংক্ষেপও তৈরি করা সম্ভব।

দীর্ঘ বিরতির পর কাজ বুঝে নিতে

কয়েক দিন ছুটিতে থাকার পর জমে থাকা ই-মেইল, বার্তা, মিটিং নোট ও নথি বিশ্লেষণ করে কী ঘটেছে, কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এখন কোন বিষয়গুলোতে দ্রুত নজর দেওয়া প্রয়োজন, তা সংক্ষেপে জানাতে পারে চ্যাটজিপিটি।

গুরুত্বপূর্ণ মিটিংয়ের প্রস্তুতিতে

মিটিংয়ের এজেন্ডা, আগের নোট, সংশ্লিষ্ট ই-মেইল ও নথি বিশ্লেষণ করে পটভূমি, গুরুত্বপূর্ণ বিষয়, অমীমাংসিত প্রশ্ন এবং সম্ভাব্য সিদ্ধান্তগুলো তুলে ধরতে পারে চ্যাটজিপিটি। এমনকি আলোচনার জন্য সম্ভাব্য প্রশ্নও তৈরি করে দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত সময়সাপেক্ষ কোনো একটি কাজ দিয়ে শুরু করলে চ্যাটজিপিটির এ ধরনের সুবিধার কার্যকারিতা সবচেয়ে ভালোভাবে বোঝা যায়। তবে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে কোন অ্যাপ ও নথিতে চ্যাটজিপিটি প্রবেশাধিকার পাবে, সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন