যুক্তরাষ্ট্রের বাজারে নিজস্ব ব্র্যান্ড গড়ার কৌশল নিয়ে ঢাকায় কর্মশালা

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শনিবার, ৪ জুলাই ২০২৬, ১৬:১২

যুক্তরাষ্ট্রের বাজারে নিজস্ব ব্র্যান্ড গড়ার কৌশল নিয়ে ঢাকায় কর্মশালা

বাংলাদেশি উৎপাদক ও উদ্যোক্তাদের নিজস্ব ব্র্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের খুচরা বাজারে প্রবেশের প্রস্তুতি ও কৌশল নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে একটি প্রিমিয়াম কর্মশালা।

বিজনেস গ্লোবালাইজার ও স্কাই প্রেপ সেন্টারের যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশি ম্যানুফেকচারার টু ইউএস রিটেল ব্র্যান্ড অনার’ শীর্ষক এ কর্মশালায় ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ বিভিন্ন অঞ্চল থেকে ৫৭ জন উদ্যোক্তা, রপ্তানিকারক ও ব্যবসায়ী অংশ নেন।

ছয়টি মূল সেশন ও একটি বিশেষ অতিথি সেশন নিয়ে আয়োজিত কর্মশালায় পণ্য নির্বাচন, বাজার যাচাই, যুক্তরাষ্ট্রে ব্যবসা প্রতিষ্ঠা, ব্যাংকিং, লজিস্টিকস, ওয়্যারহাউস, ফুলফিলমেন্ট, মূল্য নির্ধারণসহ উৎপাদন থেকে ভোক্তার হাতে পণ্য পৌঁছানোর পুরো প্রক্রিয়া এবং ধাপভিত্তিক রোডম্যাপ তুলে ধরা হয়।

মূল সেশন পরিচালনা করেন আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি নূর ইসলাম, আবিদ আজাদ খান ও মো. সোয়েব আলী শেখ আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা, সীমান্তপারের ই-কমার্স ও বাজার সম্প্রসারণের অভিজ্ঞতা তুলে ধরেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, উৎপাদন নয়, ব্র্যান্ড হিসেবে ক্রেতার হাতে পৌঁছানোই আসল যাত্রা; এই যাত্রার সময় ও ব্যয় কমিয়ে বাংলাদেশি ব্র্যান্ডকে বৈশ্বিক বাজারে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য।

আয়োজকদের তথ্যমতে, ১০ বছর পূর্তি উদযাপন করা বিজনেস গ্লোবালাইজার গত এক দশকে ৮ হাজারের বেশি কোম্পানি গঠন ও ৫ হাজারের বেশি ক্লায়েন্টকে সেবা দিয়েছে। স্কাই প্রেপ সেন্টার যুক্তরাষ্ট্রে ৩টি ওয়্যারহাউস পরিচালনার পাশাপাশি ২৫০টির বেশি ক্লায়েন্টকে সেবা দিয়ে ২০ হাজারের বেশি পণ্য চালান ব্যবস্থাপনার অভিজ্ঞতা অর্জন করেছে।

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন