স্যাটেলাইট ইন্টারনেটে স্টারলিংককে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত ‘লিও’

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ২১:৫৫

স্যাটেলাইট ইন্টারনেটে স্টারলিংককে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত ‘লিও’
ছবি : সংগৃহীত

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজন তাদের ‘প্রজেক্ট কুইপার’ এর আওতায় ‘লিও’ সেবা চালুর প্রস্তুতি জোরদার করেছে। ইতোমধ্যে কক্ষপথে পর্যাপ্ত স্যাটেলাইট স্থাপন হওয়ায় প্রাথমিক পর্যায়ে সেবা চালুর পথ অনেকটাই পরিষ্কার হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যামাজনের দেওয়া তথ্য অনুযায়ী, সীমিত কভারেজে সেবা চালু করতে প্রয়োজনীয় ন্যূনতম স্যাটেলাইট এখন কক্ষপথে রয়েছে। ফলে নির্দিষ্ট কিছু অঞ্চলে পরীক্ষামূলক বা প্রাথমিক সেবা শুরু করা সম্ভব হবে। তবে পূর্ণাঙ্গ ও বিশ্বব্যাপী কভারেজ দিতে আরও অনেক স্যাটেলাইট উৎক্ষেপণ করতে হবে।

প্রজেক্ট কুইপার হলো নিম্ন-কক্ষপথের স্যাটেলাইটভিত্তিক একটি ইন্টারনেট নেটওয়ার্ক, যা উচ্চগতির ব্রডব্যান্ড সেবা পৌঁছে দিতে কাজ করছে। এই প্রকল্পের আওতায় হাজার হাজার স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে অ্যামাজনের। ইতিমধ্যে ধাপে ধাপে স্যাটেলাইট পাঠানো শুরু হয়েছে এবং সেই সংখ্যা দ্রুত বাড়ানো হচ্ছে।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে এই ধরনের লিও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় যেখানে স্থলভিত্তিক ইন্টারনেট পৌঁছানো কঠিন, সেখানে স্যাটেলাইট ইন্টারনেট হতে পারে কার্যকর সমাধান।

বর্তমানে এই খাতে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী স্পেসএক্সের স্টারলিংক। ইতোমধ্যে স্টারলিংক বিশ্বের বহু দেশে বাণিজ্যিক সেবা দিচ্ছে এবং দ্রুত সম্প্রসারণ করছে তাদের নেটওয়ার্ক। সেই জায়গায় অ্যামাজনের ‘লিও’ সেবা নতুন প্রতিযোগিতা তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক পর্যায়ে সীমিত কভারেজ দিয়ে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে অ্যামাজনের। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে স্যাটেলাইট ইন্টারনেট বাজারে একাধিক বড় প্রতিষ্ঠানের প্রতিযোগিতা ব্যবহারকারীদের জন্য আরও ভালো সেবা ও প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করতে পারে। 

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন