শেয়ার করা অ্যাকাউন্টে প্রোফাইলভিত্তিক ই-মেইল বাধ্যতামূলক করছে নেটফ্লিক্স

TechWorld Desk

টেকওয়ার্ল্ড ডেস্ক

রবিবার, ২৮ জুন ২০২৬, ১৬:৩৪

শেয়ার করা অ্যাকাউন্টে প্রোফাইলভিত্তিক ই-মেইল বাধ্যতামূলক করছে নেটফ্লিক্স

স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স শেয়ার করা অ্যাকাউন্ট ব্যবহারে নতুন সাইন-ইন নিয়ম চালু করছে, যেখানে প্রতিটি প্রোফাইলের সঙ্গে আলাদা ই-মেইল ঠিকানা যুক্ত করতে হবে। এর ফলে ব্যবহারকারীরা নিজ নিজ প্রোফাইলে স্বাধীনভাবে লগইন করতে পারবেন এবং কিছু ব্যক্তিগত সেটিংস নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

কোম্পানিটি জানিয়েছে, চলতি মাসের শুরু থেকেই এই পরিবর্তন ধাপে ধাপে চালু হয়েছে। শিশুদের প্রোফাইল ছাড়া অধিকাংশ প্রোফাইলের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। একটি ইমেইল যুক্ত করা হলে সংশ্লিষ্ট ব্যবহারকারী নিজস্ব ভেরিফিকেশন কোড পাবেন, যা নতুন ডিভাইসে লগইন করা এবং অ্যাকাউন্ট ব্যবস্থাপনাকে সহজ করবে।

এতদিন একটি সাবস্ক্রিপশনের অধীনে একাধিক প্রোফাইল থাকলেও সবই মূল অ্যাকাউন্টধারীর ই-মেইলের সঙ্গে যুক্ত ছিল। নতুন ব্যবস্থায় একই সাবস্ক্রিপশনের আওতায় থাকলেও প্রতিটি প্রোফাইল আলাদা ই-মেইলের সঙ্গে সংযুক্ত থাকবে। এতে ব্যবহারকারীরা সাবটাইটেল ভাষা, অডিও সেটিংস এবং ডিসপ্লে অপশনসহ বিভিন্ন পছন্দ আলাদাভাবে ঠিক করতে পারবেন, যা অন্যদের ওপর প্রভাব ফেলবে না।

প্রোফাইলভিত্তিক সুপারিশ আগের মতোই ব্যবহারকারীর দেখার ইতিহাসের ওপর নির্ভর করবে। তবে আলাদা ই-মেইল যুক্ত হলে ব্যক্তিগতকরণ আরও উন্নত হবে বলে জানিয়েছে নেটফ্লিক্স।

ব্যবহারকারীরা প্রোফাইল সেটিংস মেনু থেকে অথবা নেটফ্লিক্স পাঠানো নোটিফিকেশন ই-মেইলের মাধ্যমে ই-মেইল ঠিকানা যুক্ত করতে পারবেন। কোম্পানির এক মুখপাত্র জানান, এই পরিবর্তনটি ১৫ জুন ২০২৬ থেকে স্থায়ীভাবে চালু করা হয়েছে

তবে নতুন এই উদ্যোগ নিয়ে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই জানিয়েছেন, প্রোফাইল ব্যবহার চালিয়ে যেতে ই-মেইল যোগ করার অনুরোধ পেয়ে বিভ্রান্ত হয়েছেন। আবার কেউ কেউ গোপনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং অতিরিক্ত ব্যক্তিগত তথ্য দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নেটফ্লিক্সের গোপনীয়তা নীতিমালা অনুযায়ী, ব্যবহারকারীর ই-মেইল ঠিকানা বিপণন ও বিজ্ঞাপন সংস্থার সঙ্গে শেয়ার করা হতে পারে। ই-মেইল যুক্ত করার পর ব্যবহারকারীরা প্রচারণামূলক বার্তাও পেতে পারেন, যদিও চাইলে তা থেকে সাবস্ক্রাইব বাতিল করা যাবে।

কোম্পানিটি আরও জানিয়েছে, কোনো পরিবারের সদস্য যদি একটি প্রোফাইলে ই-মেইল যুক্ত করেন, তবে তিনি সেই প্রোফাইলের অ্যাক্সেস ধরে রাখবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিগত তথ্য দেখতে পারবেন।

এদিকে, ৭ জুলাই থেকে সব ব্যবহারকারীর জন্য মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে এমন খবর অনলাইনে ছড়ালেও তা সঠিক নয়। এ সুবিধাটি কেবল ব্যবসায়িক অংশীদার অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হবে, সাধারণ ব্যবহারকারীদের সাইন-ইন পদ্ধতিতে কোনো পরিবর্তন আসছে না।

এর আগে ২০২৩ সালে পাসওয়ার্ড শেয়ারিং সীমিত করার পদক্ষেপ নেওয়ার পর থেকেই নেটফ্লিক্স ধীরে ধীরে অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় আরও নিয়ন্ত্রণ ও ব্যক্তিকেন্দ্রিকতা বাড়ানোর দিকে এগোচ্ছে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

টেকওয়ার্ল্ডের আপডেটেড খবর পেতে WhatsApp চ্যানেল ফলো করুন